“যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাবে না..”-১৯ বছরের তরুণীকে খুন, রিসর্ট মালিক সহ ৩ জন দোষী সাব্যস্ত!

২০২২ সালে সারা দেশে আলোড়ন ফেলে দেওয়া রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনের ঘটনায় অবশেষে ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল আদালত। শুক্রবার সেখানকার আদালত এই মামলার অভিযুক্ত তিনজনকেই দোষী সাব্যস্ত করেছে। দোষী সাব্যস্তরা হলেন – রিসর্ট মালিক পুলকিত আর্য, রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তা। পুলকিত আর্য বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যর ছেলে।

উত্তরাখণ্ডের পাউরি জেলার যমকেশ্বর ব্লকের একটি রিসর্টের রিসেপশনিস্ট ছিলেন ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারি। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার পর তিনি নিখোঁজ হয়ে যান। এরপর ৬ দিন পর, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, উত্তরাখণ্ডের চাল্লি খাল থেকে তার দেহ উদ্ধার হয়। অঙ্কিতার বাবা বীরেন্দ্রর অভিযোগ ছিল, তার মেয়েকে রিসর্টের মালিক পুলকিত এবং তার বন্ধুরা খুন করেছে।

অভিযোগ ওঠে, রিসর্টের অতিথিদের সঙ্গে ‘বিশেষ পরিষেবা’ বা যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অঙ্কিতাকে চাপ দিত পুলকিত। কিন্তু অঙ্কিতা তাতে রাজি হননি। এই অস্বীকৃতির কারণেই পুলকিত, রিসর্টের ম্যানেজার সৌরভ এবং সহকারী ম্যানেজার অঙ্কিত তাকে খুন করে বলে অভিযোগ।

এই গুরুতর অভিযোগ ওঠার পরেই বিজেপির প্রাক্তন নেতা বিনোদ আর্যকে দল থেকে বহিষ্কার করা হয়। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। SIT এই মামলায় প্রায় ৫০০ পাতার একটি চার্জশিট আদালতে জমা দেয়। মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালের ২৮ মার্চ।

অঙ্কিতার মায়ের ফাঁসির দাবি, আদালতের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর শুক্রবার আদালত এই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। রায়ের পর অঙ্কিতার মা অভিযুক্তদের ফাঁসির শাস্তির দাবি জানিয়েছেন। আদালত এদিন শুধু দোষী সাব্যস্ত করেছে; বিচারক পরবর্তীতে তাদের সাজা ঘোষণা করবেন। এই আলোচিত মামলার চূড়ান্ত সাজা কী হয়, তা জানতে এখন অপেক্ষা করছে গোটা দেশ।