ভারতে বাড়ছে কোভিড সংক্রমণ! কোন কোন উপসর্গ দেখলে সাবধান হবেন জানুন

এশিয়ার বিভিন্ন দেশে কোভিড (Coronavirus) সংক্রমণের নতুন ঢেউ দেখা দেওয়ার পাশাপাশি ভারতেও (India) ধীরে ধীরে বাড়ছে ভাইরাসের গতি। দেশের একাধিক হাসপাতালের বহির্বিভাগে (OPD) রোগীর ভিড় বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, বর্তমানে কোভিডের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে সাধারণ জ্বর, সর্দি, কাশি। এর পাশাপাশি মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, এবং শরীরে র্যাশ বেরোলেও তা কোভিডের উপসর্গ হতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি খাবার বা অন্য কোনো জিনিসের গন্ধ নাকে না যায়, তবে তা কোভিডের অন্যতম প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হচ্ছে এবং সেক্ষেত্রে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বর এবং ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গগুলো কোভিডকে ডেকে আনতে পারে। যদি জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট থাকে, তবে এটি কোভিডের একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। যেকোনো ধরনের জ্বর থেকেই কোভিড হানা দিতে পারে, তাই প্রত্যেকে সতর্ক থাকুন বলে চিকিৎসকদের তরফে সতর্ক করা হচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবারের কোভিড মূলত হালকা জ্বর, গলা ভেঙে যাওয়া, শুকনো কাশি, এবং নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গ নিয়ে হাজির হচ্ছে। এর সঙ্গে বমি বা খাবার ইচ্ছে না থাকাও কোভিডের লক্ষণ বলেই ধরা হচ্ছে।

হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হচ্ছে। সাধারণ মানুষকে মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার মতো কোভিড-১৯ প্রতিরোধমূলক নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।