“উদয়ন ‘উত্তরবঙ্গের নয়, দিনহাটার উন্নয়নমন্ত্রী”-কটাক্ষ প্রাক্তন মন্ত্রী রবির, পালটা আক্রমণ উদয়নের

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রকল্প বণ্টন ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরের বিভেদ আবারও প্রকাশ্যে এসেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, উদয়ন গুহ ‘উত্তরবঙ্গের নয়, দিনহাটার উন্নয়নমন্ত্রী’ হিসেবে কাজ করছেন।
দফতরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মোট ১৪৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজের অনুমোদন হয়েছে। এর মধ্যে, একাই উদয়ন গুহের কেন্দ্র দিনহাটাতেই ২৮ কোটি ৪১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, সিতাইয়ে ১৫.২৪ কোটি, কোচবিহার দক্ষিণে ২৪.৪৪ কোটি, মাথাভাঙ্গায় ১৫.২৪ কোটি, শীতলকুচিতে ১৬.৪৮ কোটি ও মেখলিগঞ্জে ১৪.৩৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নাটাবাড়ি, তুফানগঞ্জ এবং কোচবিহার উত্তরে বরাদ্দ প্রায় ৯ কোটি টাকা করে।
এই বরাদ্দের বৈষম্য নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিদি ওঁকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী করেছেন। কিন্তু তিনি শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ। উত্তরবঙ্গের অন্য বিধানসভাগুলির প্রতি তাঁর কোনো দায়বদ্ধতা নেই।” তিনি আরও যোগ করেন, “উনি যেন শুধু দিনহাটার মন্ত্রী।”
এই দুই নেতার মধ্যে সম্পর্ক বরাবরই তিক্ত। পার্থপ্রতিম রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের সখ্যতা জোরদার হওয়ার পর থেকেই রবি-পার্থ গোষ্ঠী বনাম উদয়ন-গোষ্ঠীর সংঘাত চরমে ওঠে। একাধিক অনুষ্ঠান মঞ্চে তাদের মুখোমুখি হলেও কথা না বলার ঘটনা দেখা গেছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার মঞ্চেও এমন চিত্র ধরা পড়ে, যা তাদের ব্যক্তিগত বৈরিতার ইঙ্গিত দেয়।
রবীন্দ্রনাথ ঘোষের কটাক্ষের জবাব দিতে গিয়ে উদয়ন গুহ পাল্টা বলেন, “ওঁর কথা শুনলে বোঝা যায় উনি কোন দলে আছেন— তৃণমূল না বিজেপি। আমি কাজ করছি এবং বাকি বিধায়কদের সঙ্গে আলোচনা করেই করছি।” তিনি আরও বলেন, “এই ধরনের বক্তব্যে আমাদের কর্মীরাই বিভ্রান্ত হন।”
উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এই সংঘাত আবারও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে, যা আগামী দিনে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।