ইলোন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, যৌথ সাংবাদিক বৈঠকে থাকতে পারে বড় চমক

: মাত্র চার মাসের কার্যকালেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বেরিয়ে গেলেন টেসলা ও এক্স (আগের টুইটার) কর্তা ইলন মাস্ক। শুক্রবার (৩০শে মে, ২০২৫) এই খবর প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও মাস্কের এই সিদ্ধান্তের পরও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভূয়সী প্রশংসা করেছেন এবং ঘোষণা করেছেন যে, আজ ওভাল অফিস থেকে তাঁরা দু’জনে একটি যৌথ সাংবাদিক সম্মেলনও করবেন।

ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে বলেন, “এটাই ওঁর (মাস্কের) শেষ দিন হতে চলেছে। তবে ও সর্বদাই আমাদের সঙ্গে থাকবে। সাহায্য করব। ইলন টেরিফিক!” ওভাল অফিস থেকে যৌথ সাংবাদিক সম্মেলনের কথাটিও তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আনা একটি বিলের সমালোচনা করার পরদিনই নিজের দফতর থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (Department of Government Efficiency – DOGE) একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এক্স হ্যান্ডলে (আগের টুইটার) পোস্ট করে মাস্ক লেখেন, “কাজের সময় ফুরিয়ে গিয়েছে।”

মাস্ক তাঁকে এই পদে কাজের সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানানোর পাশাপাশি খোঁচা দিতেও ছাড়েননি। তিনি লেখেন, “একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হতে চলেছে। আমি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অযথা ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।” একইসঙ্গে তিনি লেখেন, “DOGE মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে।”

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে DOGE-এর কাজ দেখাশোনা করার কারণে মাস্ক তাঁর নিজস্ব ব্যবসায় মনোযোগ দিতে পারছিলেন না। মনে করা হচ্ছে, ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ (One Big Beautiful Bill) নিয়ে মাস্কের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। এই বিল প্রসঙ্গে মাস্ক মন্তব্য করেছিলেন, “হয় একটি বিল বড় হবে অথবা দুর্দান্তও হতে পারে। কিন্তু আমার মনে হয় না একই সঙ্গে দুটোই হতে পারে।”

তবে ট্রাম্প মাস্কের এই সমালোচনার পথে হাঁটেননি। বরং, এককালীন আস্থাভাজন মাস্কের প্রশংসায় তিনি ভরিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, আজকের যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা কী ঘোষণা করেন।