“ভারতে ২৪ কোটি গর্বিত মুসলমান রয়েছেন…’”-সৌদি আরবে পাকিস্তানকে তুলোধনা ওয়াইসির

কাশ্মীর উপত্যকার পহেলগামে জঙ্গি হামলার সময় পর্যটকদের নাম-পরিচয় জেনে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং পাকিস্তানের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারে একটি প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে তিনি পাকিস্তানকে তুলোধনা করেন।
মুসলিম বিশ্বের প্রতি, বিশেষ করে আরব দুনিয়ার প্রতি পাকিস্তান বারবার বার্তা দিয়েছে যে তারা একটি ‘মুসলিম দেশ’ এবং ভারত মুসলিমদের দেশ নয়। এই প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি তীব্র তোপ দাগেন। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে পাকিস্তান আরব দুনিয়া ও মুসলিম বিশ্বকে ভুল বার্তা দেয়। ওরা বলে, ওরা মুসলিমদের দেশ কিন্তু ভারত সেটা নয়। কিন্তু ভারতে ২৪ কোটি গর্বিত ভারতীয় মুসলমান রয়েছেন।”
ওয়াইসি আরও যোগ করেন, “ভারত থেকে উঠে আসা ইসলাম ধর্মের বিষয়ে পণ্ডিত দুনিয়ার যে কোনো কারও থেকে ভালো। তাঁরা আরবের ভাষা অন্য যে কারও থেকে ভালো বলেন। মুসলিম দেশ বলে ভারত আঘাত করছে, পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ মিথ্যে।”
এই মন্তব্যের মাধ্যমে ওয়াইসি পাকিস্তানের ধর্মীয় বিভেদের রাজনীতিকে নস্যাৎ করে দিলেন এবং ভারতের ধর্মনিরপেক্ষ পরিচয় ও ভারতীয় মুসলমানদের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরলেন।
অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সন্ত্রাসবাদ:
ভারতে লাগাতার জঙ্গি হামলার পেছনে যে পাকিস্তানের হাত রয়েছে, সেই বিষয়টি তুলে ধরে ওয়াইসি জানান, সেই কারণেই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত চাইলে পাকিস্তানের এয়ারবেসগুলি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত, কিন্তু ভারত শুধুমাত্র ‘সতর্ক’ করেছে।
ওয়াইসি পাকিস্তানকে ফের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘গ্রে লিস্ট’-এ ঢোকানোর জন্য সওয়াল করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বারবার পাকিস্তানের হাতে সন্ত্রাসবাদী যোগাযোগ নিয়ে প্রমাণ তুলে দিলেও পাকিস্তান সরকার কোনো কাজ করেনি, উল্টে সন্ত্রাসবাদীদের খোলাখুলি মদত দিয়েছে।
আসাদউদ্দিন ওয়াইসির সৌদি আরবে এই ধরনের বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সামনে পাকিস্তানের মিথ্যা প্রচারের মুখোশ উন্মোচনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।