আসাম, মিজোরাম, ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, জেনেনিন কি বলছে IMD

উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশ কিছু জেলায় প্রতিকূল আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বুধবার (২৮ মে) জারি করা এই সতর্কবার্তায় আগামী দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আসামে কমলা ও রেড অ্যালার্ট
আইএমডি’র আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সতর্ক করে জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলি রেড অ্যালার্টের আওতায় থাকবে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এছাড়াও, শুক্রবার (৩০ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও বৈরী আবহাওয়া থাকতে পারে।
গুয়াহাটিতে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা
গুয়াহাটিতে টানা ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আরএমসি। এর ফলে শহরে জলাবদ্ধতা, যানবাহন চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার ঝুঁকি বাড়বে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় স্থানীয়ভাবে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
ত্রিপুরা ও মিজোরামেও চরম সতর্কতা
একইভাবে, ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। এই বিচ্ছিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতাও জারি করা হয়েছে।
উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক থাকতে এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ত্রাণ ও উদ্ধারকারী দলগুলি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।