বিহারে ত্রিকোণ প্রেম! প্রেমিকার সঙ্গে থাকা যুবক ও তার বন্ধুকে বন্দুক দেখাল প্রাক্তন, যুবকের কেলেঙ্কারি কীর্তির ভিডিও ভাইরাল

কথায় বলে ‘এক ফুল দো মালি’। বিহারের পাটনায় এমনই এক ঘটনা ঘটেছে, যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। পাটনার জে পি গঙ্গা পাঠ থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক তার প্রেমিকা ও বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন। গঙ্গার ওপর একটি সেতুর ওপর দাঁড়িয়ে তিনজন গল্প করছিলেন। আচমকাই সেখানে এসে হাজির হন প্রেমিকার প্রাক্তন প্রেমিক। প্রাক্তনকে দেখেই চিৎকার শুরু করেন তরুণী।

শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিক দাবি করেন, গত রাতেই ওই তরুণী তার সঙ্গে কথা বলেছেন। এই কথা শুনে তরুণী ও তার বর্তমান প্রেমিক দুজনেই রেগে যান এবং প্রমাণ দেখতে চান। প্রমাণের কথা শুনে পকেট থেকে মোবাইল বের করেও থেমে যান প্রাক্তন প্রেমিক। যখন তর্ক বিতর্ক চরমে পৌঁছায়, সেই সময় হঠাৎ পকেট থেকে বন্দুক বের করেন প্রেমিকার প্রাক্তন প্রেমিক।

বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করলে, সকলে তাকে বন্দুক পকেটে ঢোকাতে বলেন। সকলের কথা শুনে এবং তরুণীর চিৎকার শুনে প্রাক্তন প্রেমিক পিছু হটেন এবং বন্দুকটি নিজের পকেটে রাখেন।

এরপর তরুণীকে আরও চিৎকার করতে শোনা যায়। তিনি তার প্রাক্তন প্রেমিকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, তার প্রাক্তন প্রেমিকের তাকে ধরে রাখার ক্ষমতা ছিল না, সেই কারণেই তিনি পুরনো সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছেন। এরপর আর তরুণীর প্রাক্তনকে কথা বাড়াতে দেখা যায়নি এবং তিনি চুপচাপ সেখান থেকে চলে যান।

পাটনার এই ত্রিকোণ প্রেমের ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।