রামভদ্রাচার্যর কাছে দীক্ষা নিলেন সেনাপ্রধান, শিষ্যের কাছে POK চাইলেন জগৎগুরু

ভারতীয় সেনাপ্রধান (সিওএএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বুধবার মধ্যপ্রদেশের চিত্রকূটে অবস্থিত তুলসী পীঠে হিন্দু আধ্যাত্মিক গুরু জগদ্গুরু রামভদ্রাচার্যের আশ্রমে গিয়ে তাঁর আশীর্বাদ চেয়েছেন। এই আধ্যাত্মিক সফরের সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হলো, ধর্মীয় এই গুরু সেনাপ্রধানের কাছে “গুরু দক্ষিণা” হিসেবে সরাসরি পাকিস্তান-শাসিত কাশ্মীর (PoK) ‘ফেরত আনার’ দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৯ মে) এই তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বুধবারের এই সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রামভদ্রাচার্যের আধ্যাত্মিক আলোচনা হয়। গুরু জানান, রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি সেই আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন, যা মহাবীর হনুমানও লঙ্কা যাত্রার আগে পেয়েছিলেন। রামভদ্রাচার্য আরও বলেন, তিনি একই রকম দীক্ষা পেয়েছেন এবং একইভাবে দেশের সেবা করতে চান।
আশ্রমে সেনাপ্রধান সন্ন্যাসী ও ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন। এই সময়ই রামভদ্রাচার্য ভারতীয় সেনাপ্রধানের কাছে ‘গুরু দক্ষিণা’ হিসেবে সরাসরি পাকিস্তান-শাসিত কাশ্মীর ‘ফেরত আনার’ দাবি জানান। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর গত ১০ মে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি হয়। বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত থাকলেও দিল্লির দাবি, ‘অপারেশন সিন্দুর’ এখনও চলছে।
এনডিটিভির দাবি, জগদ্গুরু রামভদ্রাচার্য একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক গুরু, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন এবং ধর্মীয় জ্ঞানচর্চায় বিশেষ ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেনাপ্রধানের এই আধ্যাত্মিক সফর এবং গুরুদক্ষিণা হিসেবে PoK-এর দাবি দেশের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। এটি একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জাতীয়তাবাদী চেতনার সংমিশ্রণকে তুলে ধরে, অন্যদিকে PoK নিয়ে ভারতের অবিচল অবস্থানকে আরও একবার জোরদার করে।