বনগাঁ মাদ্রাসায় ধারালো অস্ত্রের হামলা! আক্রান্ত পুলিশও, আটক কয়েকজন

উত্তর ২৪ পরগনার বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় আজ এক যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে দুই শিক্ষক সহ চারজন আহত হয়েছেন। এই অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বনগাঁ থানার আইসি শিবু ঘোষও আক্রান্ত হন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে আচমকা এক যুবক ধারালো অস্ত্র হাতে মাদ্রাসায় প্রবেশ করে এবং এলোপাথাড়ি কোপাতে শুরু করে। হামলায় মাদ্রাসার দুই শিক্ষক গুরুতর আহত হন। এছাড়াও আরও দু’জন ব্যক্তি জখম হয়েছেন। হামলার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। অভিযোগ, সেই সময় বনগাঁ থানার আইসি শিবু ঘোষও আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।