Recipe: সর্ষে-নারকেল বাটা দিয়ে কচুর লতি, শিখেনিন বাঙালি রান্নার দুর্দান্ত পদ্ধতি

বর্ষা এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি, কিন্তু বিগত কয়েক দিনের একটানা বৃষ্টি প্রকৃতিতে যেন বর্ষার এক আলাদা আমেজ তৈরি করেছে। আর বৃষ্টি মানেই বাঙালির পাতে ইলিশ আর কচুর শাকের চাহিদা বেড়ে যায়। ইলিশের পাশাপাশি এই দিনে কচুর লতিও হয়ে উঠতে পারে আপনার প্রিয় পদ। তবে এবার আর সাধারণ রসুন বা কাঁচা লঙ্কা দিয়ে নয়, থাকছে একটু অন্যরকম স্বাদ।
কচুর লতি বেছে নিতে কিছুটা সময় লাগলেও, রান্নার পর যখন সর্ষে-নারকেল বাটা দিয়ে তৈরি এই পদ মুখে দেবেন, তখন মন বলবে ‘আহা, কী খেলুম!’ তাহলে দেখে নিন এই মুখরোচক পদ তৈরির সহজ কৌশল।
কচুর লতি সর্ষে-নারকেল বাটা দিয়ে
উপকরণ:
১ আঁটি কচুর লতি
১/৪ কাপ নারকেল সর্ষে পোস্ত বাটা
১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১টা পেঁয়াজ কুচি
২ কোয়া রসুন কুচি
১/২ চা চামচ কালো জিরা
স্বাদ মতো নুন ও চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
পদ্ধতি:
১. প্রথমে কচুর লতি ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন।
২. একটি কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে কালো জিরা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিন।
৩. এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন।
৪. এবার কেটে রাখা কচুর লতি এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন এবং কিছুক্ষণ ভেজে নিন।
৫. কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন, যাতে লতি ভালোভাবে সেদ্ধ হয়।
৬. লতি সেদ্ধ হয়ে গেলে নারকেল-সর্ষে-পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৭. স্বাদমতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
৮. সবশেষে গ্যাস অফ করে সুন্দর করে একটি পাত্রে নামিয়ে নিন। পরিবেশনের আগে উপরে খানিকটা নারকেল কোরা এবং কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এই অভিনব স্বাদের কচুর লতি আপনার বৃষ্টির দিনের পাতে এক ভিন্ন মাত্রা যোগ করবে। এইবার বর্ষার আমেজে জমে উঠুক আপনার ভোজনবিলাস!