নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরে! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস

গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এলাকায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে, দিঘা থেকে ১৩০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ২১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে এর অবস্থান।
এই গভীর নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও প্রবল বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং শহরে জল জমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, নদনদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা:
বৃহস্পতিবার: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
শুক্রবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
শনিবার: বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ জেলায় দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা:
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। উপরের দিকের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে এবং নদীর জলস্তর বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার: আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
শুক্রবার: উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অতি ভারী বা প্রবল বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার: উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
রবিবার: উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে।
এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।