জামাইষষ্ঠীর আগে শহরে পালিত হলো ‘বউমা ষষ্ঠী’! বরণ করে উপহার দিলেন শ্বশুরেরা

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালিত হয় জামাইষষ্ঠী। তবে এবার সেই প্রচলিত ধারাকে সরিয়ে রেখে, জামাইষষ্ঠীর ঠিক আগেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিল শহরের এক অভিজাত বস্ত্র বিপণি সংস্থা। শহরের একটি কমিউনিটি হলে আয়োজন করা হয়েছিল এক অভিনব “বউমা ষষ্ঠী” অনুষ্ঠানের, যেখানে ১১২ জন শ্বশুর নিজেদের বউমাকে বরণ করে নিলেন নিয়ম নিষ্ঠা ও পূর্ণ মর্যাদার সাথে।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই অভিনব আয়োজনের মূল বার্তা ছিল – বউমা নয়, বাড়ির মেয়ে রূপেই যেন বউমাদের গ্রহণ করে সমাজ তথা শ্বশুরবাড়ি। তাই যেমন ঘরে ঘরে জামাইষষ্ঠী পালিত হয়, তেমনই এবার থেকে যেন বউমা ষষ্ঠীও পালিত হয় – এই দাবিও তুলে ধরা হয়েছে বিবাহিত মহিলাদের বিশেষ সম্মান জানাতে। উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, সমাজ বদলালেও অনেক সময়ই দেখা যায় বাড়ির গৃহবধূদের প্রতি শ্বশুর-শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যের খারাপ দৃষ্টিভঙ্গি।

সংস্থার দায়িত্বে থাকা তরুণকান্তি বারিক জানান, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির বদল ঘটাতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে বউমারা তাদের শ্বশুরমশাইদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা এবং রীতি মেনে বউমাদের আসনে বসিয়ে ষষ্ঠীর পাখার বাতাস দিয়ে বরণ করে নিতেও দেখা যায় শ্বশুরমশাইদের। উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি। অনুষ্ঠানের শেষে ভুরিভোজেরও এলাহি আয়োজন ছিল।

অনুষ্ঠানে আমন্ত্রিতরাও এমন বউমা ষষ্ঠী উদযাপন করতে পেরে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন। এই ব্যতিক্রমী উদ্যোগ যেন আরও একবার মনে করিয়ে দিল যে, একটি প্রকৃত পরিবার গড়ে ওঠে বাড়ির মহিলাদের ভালোবাসা ও সম্মান দেওয়ার মধ্য দিয়েই।