‘হাউজফুল ৫’-এর ট্রেলার লঞ্চে চিত্রাঙ্গদার অস্বস্তি, নেটপাড়ায় সমালোচিত জ্যাকি শ্রফ

সোশ্যাল মিডিয়ায় আজকাল হামেশাই নানা ঘটনা ভাইরাল হয়। তেমনই বুধবার ভাইরাল হয়েছে আসন্ন ছবি ‘হাউজফুল ৫’-এর ট্রেলার লঞ্চের একটি দৃশ্য, যেখানে দেখা গেছে অভিনেতা জ্যাকি শ্রফ এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ভিডিওতে চিত্রাঙ্গদার প্রতি জ্যাকি শ্রফের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, যা জন্ম দিয়েছে তীব্র সমালোচনার।
ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, জ্যাকি শ্রফের বসার ভঙ্গিমার কারণে অস্বস্তিতে পড়েছেন চিত্রাঙ্গদা। দেখে মনে হচ্ছে যেন জ্যাকি চিত্রাঙ্গদার ঘাড়ের ওপরই উঠে পড়েছেন। এমনভাবে ঝুঁকে বসেছিলেন তিনি যে, আরেকটু হলেই চিত্রাঙ্গদার ঘাড়ে মাথা রেখে শুয়েই পড়তেন। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই বহু মানুষ জ্যাকি শ্রফের এমন আচরণকে ‘নোংরা মানসিকতা’ বলে আখ্যা দিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি মুম্বইতে অক্ষয় কুমার সহ ‘হাউজফুল ৫’ ছবির কলাকুশলীদের সঙ্গে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ। সেখানেই চিত্রাঙ্গদা সিংয়ের পাশে তাকে বসতে দেখা যায়। চিত্রাঙ্গদা কিছুটা এগিয়ে বসলেও, জ্যাকি শ্রফকে পেছনে ঝুঁকে বসতে দেখা যায়, যা দেখে চিত্রাঙ্গদাকে বিরক্তি ও অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সিনিয়র অভিনেতা হয়েও জ্যাকি শ্রফ কেন সামনের নায়িকার অস্বস্তি বুঝতে পারলেন না? অনেকে এমন ভিডিও দেখে ‘ছিঃ ছিঃ’ মন্তব্য করেছেন এবং জ্যাকি শ্রফের এমন আচরণকে ‘অশালীন’ বলে অভিহিত করেছেন। এই ঘটনা বলিউডের সিনিয়র অভিনেতাদের আচরণবিধি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।