বিতর্কের মাঝে সুখবর! কলকাতায় জন্ম তেজস্বীর পুত্রসন্তানের, নাতির কী নাম রাখলেন লালু?

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব আবারও দাদু হয়েছেন! তাঁর ছোট ছেলে এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পুত্রসন্তান জন্ম নিয়েছে কলকাতার একটি হাসপাতালে। এই সুখবরে লালুর পরিবারে আনন্দধারা বয়ে গেছে, বিশেষ করে বড় ছেলে তেজপ্রতাপকে ঘিরে চলমান বিতর্কিত পরিস্থিতির মধ্যেই এই খবর এসেছে।
কলকাতায় নাতির জন্মের পর তিনি নিজেই তার নাম রেখেছেন। লালুপ্রসাদ যাদব এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের ছবি শেয়ার করে লিখেছেন, “আমি আর রাবড়ি দেবী আমাদের নাতনি কাত্যায়নীর ছোট্ট ভাইয়ের নাম রাখলাম ইরাজ। তেজস্বী ও রাজশ্রী (লালুর পুত্রবধূ) তাঁদের ছেলের পুরো নাম রেখেছে ইরাজ লালু যাদব।”
নাতি-নাতনির নামকরণের ব্যাখ্যায় লালু আরও লেখেন, “নবমীর ষষ্ঠ দিন কাত্যায়নী অষ্টমীর পুণ্যতিথিতে জন্মেছিল কাত্যায়নী আর বজরং বলি হনুমান জি ধন্য মঙ্গলবারে জন্ম নিয়েছে আমাদের ছোট্ট সোনা, তাই নাম রাখা হল ইরাজ।” শেষে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তাঁর নাতি ও তার মা সুস্থ আছেন।
সংস্কৃতে ইরাজ নামের অর্থ ‘পবন পুত্র’, যা প্রভু হনুমানের আরেক নাম। এছাড়া ইরাজের অর্থ ফুল, খুশি বা আনন্দও হয়ে থাকে। যে কোনও নতুন কিছুর শুরু, অথবা ভোরের আরেক অর্থও ‘ইরাজ’।
কয়েকদিন ধরেই লালুর বড় ছেলে তেজপ্রতাপকে নিয়ে নারীঘটিত বিতর্কের কারণে পরিবার কিছুটা অস্বস্তিতে ছিল। এর মধ্যেই কলকাতায় নাতির জন্ম এই পরিবারে এক নতুন আনন্দ নিয়ে এসেছে। স্ত্রী রাবড়ি দেবীকে সঙ্গে নিয়েই লালু কলকাতায় এসে নাতির সঙ্গে দেখা করেছেন। নাতির সঙ্গে প্রথম সাক্ষাতের সেই আদুরে ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে গেছে। এই সুখবর যাদব পরিবারে নতুন করে ইতিবাচক আবহ তৈরি করেছে।