Recipe: ভাতের সাথে মেখে খান ‘মোচা-চিংড়ির ঘণ্ট’, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

বাঙালির রান্নাঘরে মোচা একটি পরিচিত সবজি। মা-ঠাকুমাদের মুখে প্রায়শই শোনা যায়, মোচা খেলে শরীরে রক্ত হয়। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি হয়তো সবার প্রিয় নয়, কিন্তু ভালোভাবে রান্না করলে এর স্বাদ মন মুগ্ধ করে তোলে। অনেক বাড়িতেই মোচার ঘণ্ট রান্না হলেও তাতে ভিন্ন স্বাদ আনার চেষ্টা করা হয়। আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আপনাদের জন্য তেমনই এক ভিন্ন স্বাদের মোচার ঘণ্টের রেসিপি নিয়ে এসেছে: মোচা চিংড়ি। মোচা এবং চিংড়ি বেছে নিতে কিছুটা সময় লাগলেও, এর ফলাফল হবে অসাধারণ। এমন একখানি পদ রান্নার পর যিনিই খাবেন, তিনিই আপনাকে সেরা রাঁধুনির তকমা দেবেন। তাহলে আর দেরি না করে দেখে নিন রান্নার কায়দা।
উপকরণ:
মোচা: ১টি
চিংড়ি: ৩০০ গ্রাম
আলু: ১টি (ডুমো করে কাটা)
টমেটো: ১টি (কুচি)
নারকেল কোরা: ৩ টেবিল চামচ
আদা-রসুন বাটা: আধা চা চামচ করে
জিরে গুঁড়ো: আধা টেবিল চামচ
কাঁচালঙ্কা: ১ চা চামচ (বা স্বাদমতো)
নুন: পরিমাণ মতো
হলুদ: পরিমাণ মতো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: পরিমাণ মতো
গরম মসলা গুঁড়ো: আধা চা চামচ
গোটা গরম মসলা: (এলাচ, লবঙ্গ, দারচিনি)
গোটা জিরে: আধা চা চামচ
গোটা ধনে: আধা চা চামচ
তেজপাতা: ১টি
ঘি: ১ চা চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
পেঁয়াজ: ১টি (কুচি)
পেঁয়াজ পাতা: সামান্য (সাজানোর জন্য)
পদ্ধতি:
১. প্রথমে মোচা কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিন। সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।
২. চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।
৩. আলু ডুমো করে কেটে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
৪. একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, গোটা গরম মসলা, গোটা জিরে এবং গোটা ধনে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
৫. এবার আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়।
৬. সেদ্ধ মোচা, নারকেল কোরা, টমেটো কুচি, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন যাতে মসলা পুড়ে না যায়।
৭. মোচা ভালোভাবে কষানো হলে ভেজে রাখা আলু এবং চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৮. সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন, যতক্ষণ না আলু সেদ্ধ হয় এবং চিংড়ি ভালোভাবে রান্না হয়ে যায়।
৯. সবশেষে গরম মসলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিন। নামানোর আগে পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মোচা চিংড়ি।
এই পদটি ভাত বা রুটি, যেকোনো কিছুর সঙ্গেই দারুণ মানাবে। একবার চেখে দেখলে নিশ্চিতভাবেই এটি আপনার পছন্দের তালিকায় যুক্ত হবে।