বাড়ি পাশেই পড়ে কিশোরের গলার নলিকাটা ক্ষতবিক্ষত দেহ, শোরগোল ক্যানিংয়ে

পূর্ব বর্ধমানের মেমারিতে দম্পতির গলাকাটা দেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক কিশোরের গলাকাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা থেকে ১৪ বছর বয়সী আনারুল ঢালি নামে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। সকালে এই খবর আশপাশের গ্রামে ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।
যে জায়গা থেকে কিশোরের দেহ উদ্ধার হয়েছে, তার বাড়ি সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই। বুধবার সকালে এলাকার লোকজন মাঠের কাজে যাওয়ার সময় প্রথম দেহটি দেখতে পান। তারা দেখতে পান, আনারুলের গলার নলি কাটা এবং দেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত এই খবর পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা আনারুলকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত কিশোরের এক নিকট আত্মীয়ের দাবি, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনারুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরিবার ও পরিজনদের দৃঢ় বিশ্বাস, আনারুলকে খুন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। তদন্তকারীরা মনে করছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে অনেকটাই ধোঁয়াশা কাটবে এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের পাশাপাশি তীব্র আতঙ্ক বিরাজ করছে।