‘Crush খাইয়া ক্রাশড হইয়া গেলাম’, ফের কোন অভিনেতার ‘প্রেমে’ পড়লেন স্বস্তিকা?

নিজের প্রেম জীবন নিয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার টলিউডের এক অভিনেতার ওপর ‘ক্রাশ’ খাওয়ার কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। বহু সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনকে ‘খোলা পাতা’ বলে বর্ণনা করেছেন স্বস্তিকা। তার মতে, প্রেমে পড়া কোনো অপরাধ নয় এবং যে কোনো বয়সেই প্রেমে পড়া যায়। সেই স্বস্তিকাই এবার জানালেন তিনি আর কার প্রেমে ‘ক্রাশড’ হয়েছেন।

স্বস্তিকা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তিনি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী-এর ওপর ক্রাশ খেয়েছেন, যিনি আপামর দর্শকের কাছে একেনবাবু নামেই পরিচিত। স্বস্তিকা নিয়মিত অনির্বাণের সিনেমা ও সিরিজ দেখেন বলেও জানিয়েছেন।

ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। একটি ছবিতে তাকে নীল রঙের ড্রেসে দেখা যাচ্ছে এবং তার পিছনে ছিল অনির্বাণ অভিনীত ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ সিনেমার পোস্টার। স্বস্তিকাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি সিনেমাটি দেখেছেন এবং সেটি তার খুব ভালো লেগেছে। অন্য একটি ছবিতে স্বস্তিকা হাত দিয়ে হার্টের ভঙ্গীমা করেছেন, যা যে অনির্বাণের জন্যই, তা বুঝতে অসুবিধা হয় না।

নিজের পোস্টে স্বস্তিকা লিখেছেন, “Crush খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট (Anirban Chakrabarti)। Housefull প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে।”

সিনেমার অন্যান্য কলাকুশলীদের প্রশংসা করার পাশাপাশি স্বস্তিকা ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে একটি মজার আবদারও করে বসেন। তিনি লিখেছেন, “আর জয়দীপ দা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ।”

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। ছবিটি দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে। এখন প্রশ্ন হলো, স্বস্তিকার এই আবদারের পর ‘একেন’-এর আগামী ছবিতে তাকে দেখা যাবে কিনা, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক ও তার অনুরাগীরা।