পার্টি অফিসের মধ্যেই মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা! ফেঁসে গেলেন বিজেপি নেতা

উত্তর প্রদেশের গোন্ডা জেলা বিজেপি সভাপতি অমর কিশোর কাশ্যপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জেলা পার্টি অফিসের মধ্যেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশও (শো কজ) পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত ১২ এপ্রিল গোন্ডা জেলার বিজেপি কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। পার্টি অফিসের সিঁড়িতেই ওই মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায় বিজেপি জেলা সভাপতিকে। এরপর তাঁরা দু’জনে একসঙ্গে উপরে উঠে যান। পুরো ঘটনাটিই দলীয় কার্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সূত্রের খবর, ওই মহিলাও বিজেপি কর্মী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি থেকে নেমে বিজেপি কার্যালয়ে প্রবেশ করছেন ওই মহিলা কর্মী। তাঁর পিছনেই ছিলেন জেলা সভাপতি অমর কিশোর কাশ্যপ। দ্রুত এগিয়ে গিয়ে মহিলার কাঁধে হাত রাখেন তিনি। এরপর সিঁড়ির সামনেই মহিলাকে জড়িয়ে ধরেন। তারপর দু’জনে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান।

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়ে। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে দাবি করে দলের শীর্ষ নেতৃত্ব। এরপরই সাতদিনের মধ্যে অভিযুক্ত জেলা সভাপতির জবাব তলব করা হয়েছে।

তবে অমর কিশোর কাশ্যপ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা এই ভিডিওর ভুল ব্যাখ্যা করছে। কাশ্যপের বক্তব্য, ‘‘ওই মহিলা একজন দলীয় কর্মী। ঘটনার দিন তিনি অসুস্থ বোধ করছিলেন। বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা খুঁজছিলেন। সেই কারণেই আমি তাঁকে পার্টি অফিসে নিয়ে আসি।’’

তাঁর আরও দাবি, ‘‘সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই মহিলার মাথা ঘুরে যায়। সেই কারণে আমি তাঁকে ধরি। আমাকে বদনাম করার জন্যই এই ভিডিওর অপব্যাখ্যা করা হচ্ছে।’’

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা কাশ্যপকে শো কজ নোটিশ পাঠিয়েছেন। নোটিসে স্পষ্ট বলা হয়েছে, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতদিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনায় দলের অন্দরেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ শুরু করেছে।