মৃত্যুকে বুড়ো আঙ্গুল! ১২ তলা থেকে পড়েও বেঁচে গেলেন এই মহিলা, কিভাবে? জানলে অবাক হবেন

১২ তলা থেকে নিচে পড়েও আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এক নারী। চীনের জিয়াংজি প্রদেশের লিপিং-এ ঘটা এই ঘটনাটি বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর অনেকেই এই অবিশ্বাস্য ঘটনাকে অলৌকিক বলে আখ্যা দিচ্ছেন।

জানা গেছে, ওই নারী এবং তাঁর স্বামী পেশায় জানালা লাগানোর কাজ করেন। সম্প্রতি তাঁরা একটি সুউচ্চ অট্টালিকার ১২ তলায় কয়েক কেজি ওজনের একটি বিশাল জানালা লাগানোর কাজ পেয়েছিলেন। ভারী হওয়ায় ক্রেনে করে জানালাটি উপরে তোলা হচ্ছিল। ওই নারী ক্রেনের রিমোট হাতে নিয়ে কাজ করছিলেন। তবে তিনি প্রয়োজনীয় সুরক্ষা বলয়, অর্থাৎ শরীরে দড়ি বাঁধা ছাড়াই কাজ করছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে এমন কিছু ঘটবে না।

কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে, জানালাটি উপরে তোলার সময় হঠাৎই একটি গাছে আটকে যায়। সেটি ছাড়ানোর চেষ্টার মাঝেই কোনোভাবে ওই নারী ১২ তলা থেকে পা হড়কে নিচে পড়ে যান। সোজা এসে পড়েন একদম একতলায়।

স্বাভাবিকভাবে, ১২ তলা থেকে পড়ে গেলে সাধারণত কারও বেঁচে থাকার কথা নয়। কিন্তু তখনই ঘটে আসল অলৌকিক ঘটনা। নিচে পড়ে থাকা অবস্থাতেই ওই নারীর ফোন বেজে ওঠে। ফোনটা তাঁর স্বামী করেছিলেন। আর সেই ফোন ধরেই তিনি স্বামীকে জানান যে, তিনি বেঁচে আছেন! দ্রুত যেন তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।

তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আশ্চর্যভাবে ওই মহিলার শরীরের কয়েকটি হাড় ভাঙা ছাড়া আর কোনও গুরুতর আঘাত লাগেনি। ভাঙা হাড়গুলি জোড়া লাগানোর জন্য অস্ত্রোপচার করা হয়েছে। ১২ তলা থেকে পড়েও যে কেউ শুধু কয়েকটি হাড় ভাঙা নিয়ে বেঁচে থাকতে পারেন, তাও আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায়, তা বিশ্বাস করতে অনেকে এখনও দ্বিধা করছেন।