মহিলা কর্মীর সঙ্গে পরকীয়া? TMC-কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যে লাগানো হলো পোস্টার

পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বীরভূমের দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তার নামে বিস্ফোরক অভিযোগ তুলে পোস্টার পড়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন একজন মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এর বিনিময়ে ওই মহিলার স্বামীকে বিভিন্ন কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দেওয়ালে সাঁটানো পোস্টারগুলিতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, “নাজিরউদ্দিন সাহেব, কেন করছেন এইসব কাজ?”
এদিকে, ক্ষুব্ধ কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এই পোস্টার ছড়িয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। একবার সিঙারায় চাটনি না দেওয়ায় দোকানিকে চড় মারার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অন্য এক ঘটনায় স্থানীয় হাসপাতালে নার্সকে ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এতদিন ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এবারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তার মন্তব্য, “নাজিরউদ্দিন বারবার বিতর্কে জড়ালেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবারও হবে না।”
বর্তমানে দুবরাজপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এবং কাউন্সিলরের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।