রাগে ফুঁসছেন সুন্দরী মালকিন! ধুয়ে দিলেন আম্পায়ারদের, প্রীতির রাগের কারণ কী?

পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা দিল্লি ক্যাপিটালসের কাছে দলের হারের পর থার্ড আম্পায়ারের একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। শনিবারের ম্যাচে একটি স্পষ্ট ছক্কাকে এক রান দেওয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন, যেখানে তিনি প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়ার অভিযোগ তুলেছেন।

ঘটনাটি ঘটে পাঞ্জাবের ইনিংসের ১৫তম ওভারে। মোহিত শর্মার ডেলিভারিতে শশাঙ্ক সিং একটি ছক্কা হাঁকান। বল বাউন্ডারি লাইনের কাছে গিয়ে পড়লে ফিল্ডার করুণ নায়ার ক্যাচ ধরতে যান। তিনি বল ধরে মাঠে ফেরত পাঠানোর সময় তাঁর পা বাউন্ডারি লাইন ছুঁয়ে যায়। করুণ নায়ার তাৎক্ষণিক ছক্কার ইশারা করলেও, থার্ড আম্পায়ার মনে করেন যে তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়নি এবং তিনি ঠিকভাবেই ক্যাচ ধরেছিলেন। এর ফলে পাঞ্জাবকে পাঁচ রান থেকে বঞ্চিত করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রীতি জিন্টা এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লেখেন, “এমন একটি হাই প্রোফাইল টুর্নামেন্টে, যেখানে থার্ড আম্পায়ারের হাতে এত প্রযুক্তি আছে, সেখানে এই ধরনের ভুল অগ্রহণযোগ্য এবং একেবারেই হওয়া উচিত নয়। খেলার শেষে আমি করুণের সঙ্গে কথা বলেছি এবং সে নিশ্চিত করেছে যে এটি অবশ্যই ছক্কা ছিল! আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি!”

যদি এই রানগুলি পাঞ্জাবের স্কোরবোর্ডে যোগ হত, তাহলে শনিবার রাতেই তারা পয়েন্ট তালিকায় এক নম্বরে পৌঁছে যেত। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় প্রীতির দল দ্বিতীয় স্থানেই রয়ে গেল। এই বিতর্কিত আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত আইপিএল ২০২৫-এর মতো বড় টুর্নামেন্টে প্রযুক্তির ব্যবহার এবং আম্পায়ারদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।