টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই রাম মন্দির ও হুনুমান গড়হি দর্শনে বিরুষ্কা! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করার পরপরই আধ্যাত্মিক যাত্রায় বিরাট কোহলি (Virat Kohli) এবং স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। রবিবার সকালে এই তারকা দম্পতি অযোধ্যার রাম মন্দির (Ayodhya) এবং হুনুমান গড়হি মন্দির (Hanuman Garhi) পরিদর্শন করেছেন। প্রার্থনারত বিরুষ্কার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।

অযোধ্যা সফরে দম্পতির সঙ্গে তাঁদের পরিবারও উপস্থিত ছিলেন। এই সফরে বিরাট এবং অনুষ্কা হুনুমান গড়হির মহন্ত জ্ঞান দাসের উত্তরসূরি এবং সংকট মোচন সেনার জাতীয় সভাপতি সঞ্জয় দত্তের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এছাড়া, তাঁরা মন্দিরের সিনিয়র পুরোহিত হেমন্ত দাসের সঙ্গেও দেখা করেছেন।

সম্প্রতি ১৪ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার থেকে পাকাপাকি অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। এই অবসরের পরের দিনই দম্পতি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দর্শন নিতে গিয়েছিলেন। এবার অযোধ্যার রাম মন্দির এবং হুনুমান গড়হি মন্দির দর্শনের মাধ্যমে বোঝা যাচ্ছে, ক্রিকেট জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আধ্যাত্মিক শান্তি ও আশীর্বাদ খুঁজছেন এই তারকা দম্পতি। তাঁদের এই ধার্মিক যাত্রা ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।