“বিচারব্যবস্থাই ওকে হারিয়েছে” যৌন সংযম মামলায় কলকাতা হাইকোর্টের মন্তব্যে বিতর্ক

২০২৩ সালের এক যৌন হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিতর্কিত মন্তব্যের পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। এবার সেই মামলায় ‘নিগৃহীতা’র বয়ান শুনে শীর্ষ আদালত এক বড় পর্যবেক্ষণ দিয়েছে, যেখানে বলা হয়েছে “বিচারব্যবস্থাই ওকে হারিয়েছে।”

বছর দুয়েক আগে যৌন হেনস্থার সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেন ও বিচারপতি চিত্তরঞ্জন দাসের পর্যবেক্ষণ ছিল, একজন কিশোরীর নিজের ‘যৌন আবেগ’ নিয়ন্ত্রণে রাখা উচিত এবং “মিনিট দুয়েকের তৃপ্তির জন্য সেটা হারানো উচিত নয়।” এই মন্তব্যের পরই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি এস ওকার বেঞ্চ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় এবং তিন সদস্যের কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীর শাস্তি নির্ধারণের কথা জানায়।

সম্প্রতি সুপ্রিম কোর্টে বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। কমিটি জানায়, যৌন হেনস্থার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই ব্যক্তিকেই মেয়েটি বিয়ে করেছে। বর্তমানে তার সঙ্গে সংসার করছে এবং তাদের সন্তানও রয়েছে। বিশেষজ্ঞ কমিটি ওই মেয়েটির সঙ্গে কথাও বলেছে এবং তার মানসিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়েছে।

বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট দাবি করেছে যে, যে ঘটনা ঘটেছিল, সেটাকে কখনওই অপরাধ হিসেবে মেয়েটি দেখেনি। বরং ঘটনার সময় অভিযুক্ত যুবককে ‘অপবাদে’র হাত থেকে রক্ষা করতে গিয়ে মেয়েটিকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, সেই মানসিক ধাক্কা সে এখনও কাটাতে পারেনি।

এই বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ: “ওকে সমাজ খারাপ চোখে দেখেছে। আমাদের বিচারব্যবস্থাই ওকে হারিয়ে দিয়েছে। ওর নিজের বাড়ির লোক ওকে পরিত্যাগ করেছে। আইনের পরিভাষায় ওই ঘটনাকে অপরাধ বলে দাগিয়ে দেওয়া হলেও মেয়েটি সেটা কখনওই মেনে নেয়নি। এই মামলা সবার চোখ খুলে দেওয়ার মতো।”

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে, ওই মেয়েটির অর্থনৈতিক সাহায্য দরকার। দশম শ্রেণির পরীক্ষার পর ওই তরুণীর জন্য কোনো কাজের বন্দোবস্ত করা প্রয়োজন বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে। শীর্ষ আদালতের কথায়, “ওকে সম্পূর্ণ ব্যবস্থাই ব্যর্থ করেছে।”

উল্লেখ্য, বছর দুয়েক আগে এই যৌন হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল এবং জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এবার তাতেই বড় পর্যবেক্ষণ করল আদালত, যা বিচার ব্যবস্থার সংবেদনশীলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।