চাকরিহারা শিক্ষকদের চরম হুঁশিয়ারি! সরকারকে সময় বেঁধে দিলেন যোগ্যরা

চাকরির দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাওয়া যোগ্য শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের কাছে সময় বেঁধে দিলেন। আগামী সোমবার (২৬ মে) এর মধ্যে তাদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। শনিবার বিকাশ ভবনের সামনে থেকে এই দাবি আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। একইসঙ্গে, নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শাসক ও বিরোধী সকল সাংসদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা, যাতে পরবর্তী সংসদ অধিবেশনে এই বিষয়ে আলোচনা হয়।
চাকরিহারা যোগ্য শিক্ষক হাবিবুল্লাহ বলেন, “রাজ্য সরকারের দুর্নীতির জন্য আমাদের আজ এই অবস্থা। বিচার বিভাগ থেকেও আমরা ন্যায় পাইনি। তাই এবার আমরা তাঁদের কাছে যাব, যাঁরা আইন প্রণয়ন করেন। সাংসদদের চিঠি দিয়ে জানাব, যাতে তাঁরা আমাদের বিষয়টি পরবর্তী অধিবেশনে তোলেন। শাসক এবং শাসক বিরোধী যত সাংসদ রয়েছেন তাঁদের সকলকেই চিঠি দেওয়া হবে।”
গত ৭ মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই শিক্ষকরা। তাদের প্রধান দাবি, সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসা। কারণ তাঁদেরকে নিয়ে সরকার কী ভাবছে, রিভিউ পিটিশনে সরকারের পদক্ষেপ কী, সেই বিষয়েই তাঁরা আলোচনা করতে চান। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করা হলেও কোনো উত্তর আসেনি বলে অভিযোগ তাদের। তাই আজ আবারও শিক্ষামন্ত্রীকে চিঠি দেবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
হাবিবুল্লাহর কথায়, “আগামী পরশুর মধ্যে যদি সরকার আমাদের সঙ্গে আলোচনায় না বসে, তাহলে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এর আগেও শিক্ষামন্ত্রীকে মেল ও চিঠি দিয়েছিলাম, যার রিসিভ কপি আমাদের কাছে আছে। তবে ধরে নিলাম সেটা উনি দেখতে পারেননি। তাই আজ আমরা আবারও শিক্ষামন্ত্রীকে চিঠি দেব।”
অন্যদিকে, শুক্রবার কলকাতা হাইকোর্ট যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একটি নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশ ভবনের সামনের লেন থেকে সরে গিয়ে সেন্ট্রাল পার্ক লাগোয়া জায়গায় তাঁরা তাঁদের অবস্থান চালিয়ে যেতে পারবেন। সেখানে প্রশাসন তাঁদেরকে সাহায্য করবে। তবে, একই সময়ে ২০০ জনের বেশি ভিড় না করার নির্দেশও দিয়েছে আদালত। হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
শিক্ষক বৃন্দাবন ঘোষ বলেন, “আমরা হাইকোর্টের নির্দেশে এই স্থান থেকে সরে বইমেলা প্রাঙ্গণের দিকে সরে যাচ্ছি। তবে প্রশাসনকে আমাদের সব ব্যবস্থা করে দিতে হবে, যাতে সুস্থভাবে আমরা আমাদের অবস্থান চালিয়ে নিয়ে যেতে পারি। ওই ব্যবস্থা হলেই আমরা স্থানান্তরিত করব আমাদের অবস্থান।”