রেকর্ড গড়ল কেরলের বর্ষা! ১৬ বছরে প্রথমবার, সময়ের অনেক আগেই বৃষ্টির আগমন

চলতি বছর কেরলে বর্ষা প্রবেশ করল নির্ধারিত সময়ের আটদিন আগেই, যা গত ১৬ বছরের মধ্যে দ্রুততম। ভারতের মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শনিবার (২৩ মে) কেরলে বর্ষা প্রবেশ করেছে, যেখানে সাধারণত ১ জুন বর্ষার আগমন ঘটে। এর আগে ২০০৯ এবং ২০০১ সালেও ২৩ মে বর্ষা এসেছিল।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালে ১১ মে সর্বপ্রথম বর্ষার আগমন হয়েছিল, যা ছিল সবচেয়ে দ্রুত। অন্যদিকে, ১৯৭২ সালে ১৮ জুন সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও বর্ষা প্রবেশ করেছিল ৮ জুন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একদিকে নিম্নচাপের প্রভাব, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেরল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কেরালা, উপকূলীয় কর্ণাটক এবং কঙ্কণ ও গোয়া অঞ্চলেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়াও, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও আগামী পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।
তবে, বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে সে সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি আবহাওয়া দপ্তর। দক্ষিণ ভারতে বর্ষার এই দ্রুত আগমন কি পূর্ব ভারতের বর্ষাকেও প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।