আইপিএলে গিল-সুদর্শন, ৯ বছরের বিরাট-এবিডির রেকর্ড ভাঙার মুখে এই জুটি

চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক ওপেনিং জুটির কথা উঠলে, ক্রিকেটপ্রেমী ও এবারের আইপিএলে চোখ রাখা দর্শকরা একবাক্যে গুজরাত টাইটান্সের শুভমন গিল ও সাই সুদর্শনের নামই বলবেন। দুজনেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন চলতি মরশুমে, এবং গুজরাতকে প্লে অফে তোলার পেছনেও এই তরুণ জুটির বিরাট অবদান রয়েছে। তাঁদের ধারাবাহিকতা এতটাই চোখে পড়ার মতো যে, এবার বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের ৯ বছর আগের করা রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সাই ও গিল জুটির সামনে।

২০১৬ সালের আইপিএল বিরাট কোহলির ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম ছিল। অরেঞ্জ ক্যাপ জয়ী কোহলি সেই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি সহ ৯৭৩ রান করেছিলেন। জুটিতেও তিনি এবি ডিভিলিয়ার্সের সঙ্গে মাত করেছিলেন, যেখানে তাঁরা দুজনে মিলে সেই মরশুমে ৯৩৯ রান করেছিলেন। কিন্তু এবারের আইপিএলে সেই রেকর্ডও অক্ষত থাকছে না বলেই মনে হচ্ছে।

এখনও পর্যন্ত চলতি মরশুমে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি গিল ও সুদর্শন ১৩ ম্যাচে ৮৮৫ রান করেছেন। তাঁরা ৭৬.২৭ গড়ে ব্যাটিং করেছেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি পার্টনারশিপ ছাড়াও একটি ২০৫ রানের বিশাল পার্টনারশিপও ছিল। অর্থাৎ, দুজনে মিলে আর মাত্র ৫৫ রান করতে পারলেই বিরাট ও এবিডির ৯ বছরের রেকর্ড ভেঙে যাবে, যা এতদিন ধরে ছিল আইপিএলে কোনো এক মরশুমে কোনো জুটির সর্বাধিক রান।

ব্যক্তিগত পারফরম্যান্সের শীর্ষে দুই তারকা:

সাই সুদর্শন এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। ১৩ ম্যাচে তিনি এখনও পর্যন্ত ৫৬.০৯ গড়ে ৬৩৮ রান করেছেন, যার মধ্যে ১টি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান রয়েছে।
শুভমন গিল ৬০.১০ গড়ে ৬৩৬ রান করেছেন, এবং তাঁর ঝুলিতে রয়েছে ৬টি অর্ধশতরান।
লখনউয়ের কাছে হার গুজরাতের:

এদিকে, বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। ঘরের মাঠে ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুভমন, বাটলার, সুদর্শনরা চেষ্টা করলেও কেউই বড় রান করতে পারেননি। টুর্নামেন্টে অপরীক্ষিত গুজরাতের মিডল অর্ডারে এম শাহরুখ খান ও শেরফান রাদারফোর্ড ঝড় তুললেও শেষরক্ষা হয়নি। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৩৩ রানে হেরেছে গুজরাত। যদিও গুজরাতের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে, তবে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা থাকবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।