ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন মোড়, রোহিত-বিরাট যুগের পর কেমন হবে দল? জানুন শনিবারের বারবেলায়

রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রায় একই সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর এবং তার কয়েক মাস আগে রবিচন্দ্রন অশ্বিনের বিদায় ঘোষণার পর ভারতীয় টেস্ট ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। রোহিত-বিরাট পরবর্তী যুগে ভারতের টেস্ট দল কেমন হয়, তা নিয়ে বাইশ গজের খেলার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আর তাই ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা নিয়ে সাজো সাজো রব পড়ে গিয়েছে। সাম্প্রতিককালে ভারতীয় দল ঘোষণা নিয়ে এতটা উন্মাদনা দেখা যায়নি। দুপুর সাড়ে ১২টা থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখানো হবে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা।

আজ দল নির্বাচনী বৈঠক মুম্বাইতে

আজ, শনিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে দুপুর ১টা থেকে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দল গঠন নিয়ে আলোচনায় বসবেন নির্বাচকরা। বৈঠক শেষে দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের নেতৃত্বভার কাকে দেওয়া হয়, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আগে শোনা যাচ্ছিল শুভমন গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করা হবে। ঋষভ পন্থের নামও আলোচনায় ছিল। কিন্তু পরবর্তীকালে অস্ট্রেলিয়া সফরে পার্থে টেস্ট জয়ী অধিনায়ক জসপ্রীত বুমরার পাল্লা ভারী হয়। আগরকরের ভোট বুমরার দিকেই, যদিও কোচ গৌতম গম্ভীরের পছন্দ শুভমন গিল। তবে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা নেতৃত্বের ব্যাপারে একজন ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছেন। রবিচন্দ্রন অশ্বিনের দাবি, জাদেজাকেই দু’বছরের জন্য দেশের টেস্ট অধিনায়ক করা হোক। যদিও জাদেজার অসুবিধা হলো, বিদেশের মাটিতে তিনি যে প্রথম একাদশে থাকবেনই, তা নিশ্চিত নয়।

দলে সম্ভাব্য পরিবর্তন: সামি নাও থাকতে পারেন, ফিরতে পারেন শ্রেয়স-করুণ নায়ার

টেস্ট দল ঘোষণার আগে সবচেয়ে বড় তিনটি আপডেট হলো:

১. ফিটনেস সমস্যার কারণে মহম্মদ সামি সম্ভবত সুযোগ পাচ্ছেন না।
২. বিরাট কোহলির জায়গায় চার নম্বরে ব্যাটার হিসেবে শুভমন গিলকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।
৩. ওপেনার হিসেবে আইপিএলে দারুণ সফল সাই সুদর্শনকে স্কোয়াডে রাখা হচ্ছে।

খুব সম্ভবত বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণও অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকছেন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে রেকর্ড সংখ্যক রান করা করুণ নায়ার। শ্রেয়স আইয়ারের টেস্ট স্কোয়াডে ফেরা নিয়েও জল্পনা চলছে। চার স্পেশালিস্ট পেসার হিসেবে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং সঙ্গে নেওয়া হতে পারে আর্শদীপ সিংকে।

কেমন হতে পারে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড?

ওপেনার (৪ জন): যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ।
মিডল অর্ডার (৩ জন): শুভমন গিল (সহ-অধিনায়ক), শ্রেয়স আইয়ার/করুণ নায়ার, সরফরাজ খান।
উইকেটকিপার (২ জন): ঋষভ পন্থ, ধ্রুব জুরেল।
পেস অলরাউন্ডার (২ জন): নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর।
স্পিনার অলরাউন্ডার (২ জন): রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর।
স্পেশালিস্ট স্পিনার (১ জন): কুলদীপ যাদব।
স্পেশালিস্ট পেসার (৪ জন): জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং।
আলোচনা হবে যাদের নিয়ে: হর্ষিত রানা, আকাশ দীপ, মহম্মদ সামি।

আজকের দল ঘোষণায় অধিনায়কত্বের দায়িত্ব কার হাতে ওঠে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। শুভমন গিল, জসপ্রীত বুমরা নাকি রবীন্দ্র জাদেজা—কে হবেন নতুন যুগের ক্যাপ্টেন?