“স্কুলে যাচ্ছি, বেতন পাচ্ছি, কিন্তু…..?”-শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুলে যোগ দিতে না পারার অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন চাকরিহারা প্রার্থীরা। তাঁদের দাবি, মন্ত্রীর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন।
বিক্ষোভকারী শিক্ষকদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৭,২০৬ জন শিক্ষকের স্কুলে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যে ১৫ হাজার শিক্ষক স্কুলে যেতে পেরেছেন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু সকলেই আমাদের কথা শুনে হতবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দপ্তর জানে যে আমরা স্কুলে যাচ্ছি এবং বেতন পাচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্কুলে যোগ দিতে পারিনি!”
এই শিক্ষকদের অভিযোগ, সুপ্রিম কোর্ট স্কুলে যোগদানের নির্দেশ দিলেও তাঁদের নাম সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৬ সালের পুরো এসএসসি প্যানেল বাতিল করে দেয়। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্টে একটি স্পষ্টীকরণ চেয়ে আবেদন করে। সেই সময় সুপ্রিম কোর্ট ‘টেন্টেড’ (অভিযুক্ত) প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের স্কুলে ফিরে যাওয়া এবং বেতন চালু রাখার নির্দেশ দিয়েছিল।
তালিকায় নাম নেই, তাই মন্ত্রীর দ্বারস্থ
শিক্ষকরা জানান, জেলা ডিআই অফিস এবং প্রধান শিক্ষকদের কাছে স্কুলে যোগদান করার জন্য শিক্ষকদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে তাঁদের নাম নেই। এই কারণেই তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য তাঁর বাড়ির সামনে অবস্থান করছেন।
তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।