বর্ষা আর ৪-৫ দিনেই ঢুকছে ভারতে, বাংলাতেও কি শুরু হবে বর্ষণ? জেনেনিন কি বলছে IMD

বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই এবার বর্ষা প্রবেশ করতে চলেছে দেশের স্থলভাগে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যেই কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাভাবিকভাবে কেরলে ১ জুন বর্ষা প্রবেশ করে, তাই এই আগমনকে অনেকটাই স্বস্তিদায়ক মনে করা হচ্ছে।
কেরলে সময়ের আগে বর্ষা এলেও বাংলাতেও যে একই ঘটনা ঘটবে, তার কোনও সরাসরি যোগসূত্র নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আধিকারিকরা। বাংলায় বর্ষা আসার নির্দিষ্ট সময় এখনও স্পষ্ট নয়। সাধারণত, উত্তরবঙ্গে ৮ জুন এবং দক্ষিণবঙ্গে ১০ জুনের পর বর্ষা প্রবেশ করে। এই বছর বাংলায় বর্ষা আগে আসবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ২৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।