“এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট টিম কি খেলবে?”-জবাবে যা জানালেন বিসিসিআই সচিব

আগামী ২০২৫ সালের এশিয়া কাপ এবং উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। BCCI-এর যুগ্ম সচিব দেবজিত সাইকিয়া আজ স্পষ্ট জানিয়েছেন যে, এই বিষয়ে এখনও বোর্ডের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
দেবজিত সাইকিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজ সকালে আমাদের নজরে আসে কয়েকটি সংবাদপ্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে যে ভারত এশিয়া কাপে অংশ নেবে না। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি জোর দিয়ে বলেন, “BCCI এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি Asian Cricket Council (ACC)-কেও কোনো চিঠি পাঠানো হয়নি।”
তিনি আরও জানান, বর্তমানে BCCI-এর প্রধান ফোকাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফরের উপর। এই দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত অন্য বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা কম। দেবজিত সাইকিয়া স্পষ্ট করে দেন যে, এখনো পর্যন্ত BCCI-এর কোনও বৈঠকে এশিয়া কাপ বা অন্য কোনও ACC ইভেন্ট নিয়ে আলোচনা হয়নি। আপাতত IPL শেষ না হওয়া পর্যন্ত এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা নেই বলেও তিনি জানান।
২০২৫ সালের এশিয়া কাপ পুরুষদের জন্য T20 ফর্ম্যাটে হওয়ার কথা রয়েছে। এতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সহ কয়েকটি দেশের অংশ নেওয়ার কথা। এশিয়া কাপ মূলত ২০২৬ সালের T20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ধরা হয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল যে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের পরিকল্পনা করছিল, কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং পাকিস্তানের আগ্রাসী ভূমিকার জেরে ভারত নাকি টুর্নামেন্ট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অংশ না নেওয়ার সেই খবরে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব এবং পাকিস্তান ও ACC-এর উপর চাপ নিয়েও বিস্তর আলোচনা চলছিল।
তবে BCCI যুগ্ম সচিবের আজকের বিবৃতির পর স্পষ্ট যে, এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে কোনও জল্পনা এখনও সত্যি নয় এবং সঠিক সময়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। BCCI-এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত যে কোনও খবর কেবল জল্পনা হিসেবেই গণ্য হবে।