মায়ের আইকনিক গানে নেচে মন জয় করলেন রবিনা কন্যা! কোমরের তালে দোলালেন ভক্তদের মনও

অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি এবার অ্যাওয়ার্ড মঞ্চে নিজের অভিষেক করলেন। জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবার পারফর্ম করেই তিনি সকলের নজর কেড়েছেন। শনিবার রাতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড শোতে নিজের পারফর্মেন্স দিয়ে মন জয় করে নিয়েছেন তরুণী রাশা।
রাশা তার মা রবিনা টন্ডনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সালের ‘মোহরা’ ছবির আইকনিক গান ‘টিপ টিপ বরসা পানি’-তে পারফর্ম করেন। হলুদ চকচকে পোশাকে রাশা যেন সাক্ষাৎ স্বর্গের অপ্সরা হয়ে উঠেছিলেন মঞ্চে। গানের প্রতিটা বিটের সঙ্গে সমানতালে দুলছিল রবিনা কন্যার কোমরও। তার এই পারফর্মেন্স মঞ্চে এবং অনুরাগীদের মনে আগুন ধরিয়ে দিয়েছে। অনেকে বলছেন, পারফর্মেন্সের দিক থেকে যেন কোন অংশেই মায়ের চেয়ে কম নন মেয়ে।
শুধু ‘টিপ টিপ বরসা পানি’ নয়, মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব ছবির জনপ্রিয় গান ‘এক দো তিন’-এও নেচেছেন রাশা। সব মিলিয়ে নিজের প্রথম অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেই সফলভাবে অভিষেক করলেন রাশা থাডানি এবং তার পারফর্মেন্স টক অফ দ্য টাউন হয়ে উঠেছে।