বিয়ের পরেও ডেটিং অ্যাপে একাধিক মহিলার সঙ্গে চ্যাট! ফাঁস এই সঙ্গীতশিল্পীর বিতর্কিত কাজকর্ম

ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজন জিতে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন গায়ক অভিজিৎ সবন্ত। কয়েক বছর আগেই রিয়েলিটি শো নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছিলেন তিনি। আর এবার, ব্যক্তিগত জীবন নিয়ে এক বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে ফের চর্চায় এসেছেন অভিজিৎ। বিয়ে করার পরেও ডেটিং অ্যাপে তিনি নাকি একাধিক মহিলার সঙ্গে কথা বলেছেন, নিজেই এই কথা প্রকাশ্যে এনেছেন গায়ক।
সদ্য একটি সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছেন, বিয়ের পরেও তিনি ডেটিং অ্যাপ ব্যবহার করে একাধিক মহিলার সঙ্গে কথা বলতেন। তিনি জানান, আমেরিকায় থাকাকালীন এক বন্ধুর থেকে ডেটিং অ্যাপের কথা জানতে পারেন। কৌতূহলের বশে একটি ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং কয়েক জন তরুণীর সঙ্গে কথাও বলতেন। তার মতে, এতে কোনও অন্যায়ের কিছু নেই। স্ত্রী যদি জানতে পারেন, সে কথা ভেবেও বিন্দুমাত্র ভয় পাননি তিনি। তার বিশ্বাস, মনে সাহস থাকলেই সব করা সম্ভব এবং এ ক্ষেত্রে লুকোচুরির কিছু নেই।
অভিজিৎ আরও বলেন, ‘আমি প্রচুর ম্যাচ পেয়েছিলাম এবং তাদের সঙ্গে অনেক কথা বলতাম। আমি আসলে কথা বলতে ভালবাসি। মেয়েদের সঙ্গে অনেক গভীর কথা বলা যায়, যা ছেলেদের সঙ্গে ওইরকম গভীর কথা কখনোই বলা যায় না। ২-৩ জনের সঙ্গে আমার খুব গভীর কথাবার্তা হয়েছিল। কিন্তু ট্যুইটারে একজন এই বিষয়ে লেখালেখি করায় আমি অ্যাকাউন্ট মুছে ফেলি।’
গায়ক অভিজিৎ সবন্তের এই মন্তব্য অনেক অনুরাগীই মেনে নিতে পারেননি। তার এমন মন্তব্যের বিরোধিতা করেছেন অনেকে, আহতও হয়েছেন বহু অনুরাগী। তবে অভিজিৎ আরও বলেন, কেউ প্রোফাইল সম্পর্কে জেনে গেলেও তার কিছু যায় আসে না। তিনি নিজের সম্পর্কে কিছুই লুকোতে চান না, ডেটিং অ্যাপে চ্যাট করার বিষয়টিও তিনি প্রকাশ্যে আনতে দ্বিধা করেননি।
এই সাক্ষাৎকারে অভিজিৎ সবন্ত কিছুটা আফশোসও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটা সময়ে মানুষ তাকে ভীষণ সমাদর করত, মনে রাখত এবং তার গান শুনতে চাইত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই খ্যাতি ম্লান হয়ে যায় এবং মানুষ তাকে ভুলে যেতে শুরু করে।