গাড়িতে খেলাধুলা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি চার নাবালকের! হঠাৎ বন্ধ দরজা, শ্বাসরোধ হয়ে মৃত্যু

খেলাধুলা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল চার নাবালকের। গাড়ির ভেতর খেলতে খেলতে আচমকা দরজা বন্ধ হয়ে আটকে পড়ে তারা। দীর্ঘক্ষণ বন্ধ গাড়ির মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার দ্বারাপুদি গ্রামে রবিবার সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মৃত চারজনের মধ্যে দু’জনের বয়স আট বছর এবং দু’জনের বয়স ছয় বছর ছিল। মৃতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য ছিল। চার বন্ধু রবিবার সকালে একসঙ্গে খেলতে বেরিয়েছিল। দুপুরেও তারা বাড়ি না ফেরায় পরিবার এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বাড়ির বাইরে একটি বন্ধ গাড়ির মধ্যে তাদের অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায়।

দ্রুত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, খেলাধুলা করতে করতেই তারা ওই গাড়ির মধ্যে ঢুকেছিল। প্রথমে গাড়িটি লক করা ছিল না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই গাড়ির দরজা বন্ধ হয়ে যায়, আর বেরোতে পারেনি শিশুরা। বন্ধ গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। একসঙ্গে চার নাবালকের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।