নিয়োগ দুর্নীতিতে আবার কাটাছেঁড়া, শাসক নেতাকে তলব ইডি-র!

নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবের মুখে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার। সোমবারই তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি আজ ইডির দফতরে হাজিরা দিতে পারেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে ইডি। এই তদন্ত চলাকালীন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বয়ানে অম্বরীশ সরকারের নাম উঠে আসে বলে জানা গেছে। এই প্রথমবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তলব করা হয়েছে।

ইডির জিজ্ঞাসাবাদের পর অম্বরীশের বয়ান রেকর্ড করা হবে এবং তদন্তকারীদের হাতে থাকা অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত বছর চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে। গঙ্গারামপুর মহকুমা আদালতের মাধ্যমে কুশমণ্ডি থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন কলকাতার এক ব্যক্তি। অভিযোগ ছিল, গ্রুপ ডি-তে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়েই এই টাকা নেওয়া হয়েছিল। যদিও অভিযোগ দায়ের করার পর ওই মামলাকারী প্রকাশ্যে আসেননি। এই অভিযোগের ভিত্তিতেই ইডি আজ অম্বরীশ সরকারকে কলকাতায় তলব করেছে।

অম্বরীশ সরকার তৃণমূলের রাজ্য মুখপাত্রের দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি এবং জেলা পরিষদের সহকারি সভাধিপতি পদে রয়েছেন। জেলার এমন একজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মতো গুরুতর অভিযোগে ইডির তলবে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। তবে ওই সময়ই অম্বরীশ সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন। এমনকি এই অভিযোগের পেছনে একটি বিরাট ষড়যন্ত্র দেখছেন বলেও তিনি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে অন্য কোনো দল নয়, বরং তার নিজের দলের নেতারাই এই ষড়যন্ত্রের অংশ। নাম না করে তিনি দলেরই একটি মন্ত্রী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছিলেন। ইডির আজকের তলবের পর এই মামলা নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।