হায়দরাবাদে বড়সড় বিস্ফোরণের পরিকল্পনা বানচাল! জঙ্গি সন্দেহে ধৃত ২ যুবক

বড়সড় নাশকতার ছক বানচাল হল হায়দরাবাদে। শহরের বুকে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এই দু’জনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। সূত্রের খবর, জেরার মুখে নিজেদের ভয়াবহ পরিকল্পনার কথা স্বীকার করেছে ধৃতরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সিরাজ-উর-রহমান (২৯) এবং সইদ সমীর (২৮)। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে সৌদি আরবের আইএস মডিউলের যোগসূত্র থাকতে পারে। তারা ঠিক কোথায় এবং কীভাবে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা পুলিশের যৌথ বাহিনী প্রথমে ভিজিয়ানগরমে হানা দিয়ে রহমানকে গ্রেফতার করে। তাকে জেরা করেই সমীরের খোঁজ মেলে, যাকে পরে হায়দরাবাদ শহর থেকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে যে বিস্ফোরক পাওয়া গেছে তার মধ্যে রয়েছে অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়ামের গুঁড়ো।

এই ঘটনার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের এবং পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

এখানে উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সামরিক পদক্ষেপ নিয়েছিল এবং পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেয়। সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর গত ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সীমান্তে উত্তেজনা কমার আবহে হায়দরাবাদে এই বিস্ফোরণের ছক বানচাল এবং জঙ্গিযোগের ঘটনা নতুন করে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।