“ভারতকে নকল করছে বেঈমান পাকিস্তান!”-দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাক সরকারও

ভারতের দেখানো পথেই কি এবার হাঁটছে পাকিস্তান? নয়াদিল্লির মতো এবার বিভিন্ন দেশে নিজেদের প্রতিনিধিদল পাঠাতে চলেছে ইসলামাবাদ। ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঘটনার আঘাতে কোণঠাসা হয়ে পড়লেও আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান সরকার। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দিয়েছেন সে দেশের শাসক জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপল্‌স পার্টির নেতা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিলাওয়াল নিজে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ একটু আগে আমাকে ফোন করেছিলেন। তিনি পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতেই এই প্রতিনিধিদল বিভিন্ন দেশ সফর করবে। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর।” জানা গিয়েছে, বিলাওয়ালের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে প্রাক্তন মন্ত্রী খুররম দস্তগির খান এবং হিনা রব্বানি খারের মতো নেতারা থাকছেন। এছাড়াও প্রাক্তন বিদেশ সচিব জালিল আব্বাস জিলানিও এই টিমে যোগ দেবেন। সূত্রের খবর, মূলত বিশ্বের সামনে ভারতকে ভুল প্রমাণিত করাই এই পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান উদ্দেশ্য।

অন্যদিকে, আন্তর্জাতিক মহলের সামনে ইসলামাবাদের আসল চেহারা তুলে ধরতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লিও। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের সমস্ত রাজনৈতিক দল একজোট হয়েছে। মোদী সরকার ৭ জনের একটি সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আগামী ২৩ মে থেকে শুরু হয়ে এই সফর এক সপ্তাহ ধরে চলবে।

ভারতের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন শশী থারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝাঁ (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কনিমোই করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (শরদ পাওয়ারের এনসিপি) এবং শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা)-র মতো সাংসদরা।

এই প্রতিনিধি দলের বিভিন্ন অংশ নির্দিষ্ট কিছু দেশে সফর করবে। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন এবং আলজিরিয়াতে। সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন টিম ওমান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইজিপ্টে পৌঁছবে। সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন দল জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সফর করবে। অন্যদিকে, শশী থারুরের নেতৃত্বাধীন টিম যাবে আমেরিকায়।

৭ জন সাংসদের নেতৃত্বে গঠিত এই প্রতিনিধি দলে অনুরাগ ঠাকুর, অপরাজিতা সারঙ্গি, মণীশ তিওয়ারি, আসাদউদ্দিন ওয়াইসি, অমর সিং, রাজীব প্রতাপ রুডি, শমীক ভট্টাচার্য, ব্রিজ লাল, সরফরাজ আমেদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিক্রমজিৎ সহানি, সম্বিত পাত্র এবং ভুবনেশ্বর কালিতার মতো একাধিক সাংসদ অন্তর্ভুক্ত রয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সলমান খুরশিদের নামও এই প্রতিনিধি দলে যোগ করা হয়েছে। তবে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই প্রতিনিধি দলে থাকার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কিত কিছু কারণে তিনি এই মুহূর্তে প্রতিনিধি দলের সঙ্গে বিদেশে যেতে পারছেন না।