বিহারে প্রচারে গিয়ে ফের বিপাকে রাহুল গান্ধী, দায়ের করা হলো জোড়া FIR

বিহারের দ্বারভাঙা জেলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়েছে। অনুমতি না নিয়ে একটি ছাত্রাবাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে যে, রাহুল গান্ধী সম্প্রতি দ্বারভাঙার আম্বেদকর হোস্টেলে তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু এই সাক্ষাতের জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনও পূর্বানুমতি নেওয়া হয়নি।

জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, ছাত্রাবাসে কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচির আয়োজনের অনুমতি ছিল না। এরপরেও সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা নিয়মবিরুদ্ধ। এই ঘটনায় রাহুল গান্ধী এবং আরও ২০ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে লহেরিয়াসরাই থানায় মোট দুটি এফআইআর দায়ের করা হয়েছে। জেলা ও ব্লক কল্যাণ আধিকারিকদের দায়ের করা লিখিত বিবৃতির ভিত্তিতে এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেস ভিন্ন বক্তব্য পোষণ করছে। তাদের দাবি, এটি কোনও রাজনৈতিক সভা ছিল না, বরং এটি একজন নির্বাচিত সাংসদের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে প্রশাসন তাদের অবস্থানে অনড় এবং এটিকে একটি স্পষ্ট নিয়মভঙ্গের ঘটনা হিসেবে দেখছে। দুটি এফআইআর দায়ের হওয়ার পর এই ঘটনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে জানা গেছে।