ঝাড়গ্রামে হাতির হানায় আবারও মৃত্যু! দরজা খুলতেই সব শেষ

ঝাড়গ্রাম জেলায় ফের হাতির তাণ্ডবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। এবার জেলার পুকুরিয়া এলাকায় বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন পরিমল মাহাত (৬১) নামে এক বৃদ্ধ। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ও বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ পরিমল মাহাত তার বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন। হঠাৎই তিনি দরজায় বিকট আওয়াজ শুনতে পান। দরজা খুলতেই একটি বুনো হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে ধরে বাড়ির কিছুটা দূরে আছড়ে মারে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনদফতর সূত্রে জানানো হয়েছে, চারটি হাতির একটি দল বাঁদরভুলার দিক থেকে এসে এই ঘটনাটি ঘটিয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ তীব্র। তাদের অভিযোগ, এলাকায় সারাদিনই হাতির দল অবাধে ঘোরাফেরা করছে, যার ফলে ভয়ে তারা জঙ্গলে গিয়ে কাজু বা শাল পাতা তোলার মতো দৈনন্দিন কাজ করতে পারছেন না। বনদফতরকে বারবার এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনওরকম কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এলাকার মানুষের অভিযোগ।
ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, এই গুরুতর সমস্যা নিয়ে বনদফতরের কোনো হেলদোল বা ‘হুঁশ’ নেই। বারংবার একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশই বাড়ছে। কবে এই ভয়াবহ পরিস্থিতির সমাধান হবে এবং হাতির হামলা থেকে মুক্তি মিলবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। তাদের দাবি, বনদফতর দ্রুত কার্যকর পদক্ষেপ নিক এবং মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত করুক।