NEET UG -তে ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ নম্বর ! দিনে ২-৪ ঘণ্টা পড়েই তাক লাগিয়ে দিল ‘অনুষ্কা’

সাধারণত আমরা শুনে থাকি যে সাফল্যের শীর্ষে পৌঁছতে হলে দিনরাত এক করে কঠোর পরিশ্রম করতে হয়, আর ভালো ফলাফলের জন্য একটানা পড়াশোনা অপরিহার্য। প্রচলিত এই ধারণাটি বহুলাংশে সত্যি হলেও, গোয়ার পানাজির মেয়ে অনুষ্কা কুলকার্নির ব্যতিক্রমী কাহিনি সকলকে নতুন করে ভাবাচ্ছে। তিনি প্রমাণ করেছেন, শুধুমাত্র বেশি সময় ধরে পড়া নয়, সঠিক প্রস্তুতি কৌশল এবং টাইম ম্যানেজমেন্টও অবিশ্বাস্য সাফল্য এনে দিতে পারে।
অনুষ্কা কুলকার্নি NEET UG পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এই ফলাফলের জোরে তিনি সর্বভারতীয় স্তরে ২৪তম স্থান (AIR 24) অধিকার করেছেন, যা শুধু তার ব্যক্তিগত কৃতিত্বই নয়, গোটা গোয়া রাজ্যের জন্যও এক বিরাট গর্বের মুহূর্ত।
পানাজির বাসিন্দা অনুষ্কা তার এই অসাধারণ সাফল্যের পেছনের গল্প সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানান, নবম এবং দশম শ্রেণীতে কোচিংয়ের সাহায্য নিয়ে তিনি বিজ্ঞানের মৌলিক বিষয়গুলি খুব ভালোভাবে আয়ত্ত করেছিলেন। এরপর স্কুল এবং কোচিংয়ের শিক্ষকদের গাইডেন্সে তার পড়াশোনা এগিয়ে চলে। এমনকি কোভিডের কঠিন সময়েও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকরা তাকে নিরন্তর সাহায্য করেছেন।
অনেকেই জানতে আগ্রহী, NEET-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনুষ্কার প্রস্তুতি কৌশল ঠিক কেমন ছিল? তার উত্তর ছিল বেশ সরল। স্কুলের পর প্রতিদিন তিনি মাত্র ২ থেকে ৪ ঘণ্টা পড়াশোনা করতেন। অবশ্য ছুটির দিনগুলিতে তিনি একটু বেশি সময় দিতেন। অনুষ্কার মতে, কঠোর পরিশ্রম অবশ্যই ছিল, তবে তার এই অসামান্য ফলাফলের মূল কারণ হলো সঠিক টাইম ম্যানেজমেন্ট বা সময়কে দক্ষতার সঙ্গে ব্যবহার করা। তিনি অকপটে স্বীকার করেন যে তার সাফল্যের পেছনে পরিবার এবং শিক্ষকদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার স্কুলের অধ্যক্ষও অনুষ্কার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন যে এই কৃতিত্ব কেবল অনুষ্কার নয়, এটি গোয়ার জন্যও একটি বিশাল প্রাপ্তি, যা আমাদের সকলের জন্য গর্বের।
মেডিকেল পেশায় অনুষ্কার আগ্রহ তৈরির পেছনে তার পরিবারের সদস্যদের বড় ভূমিকা রয়েছে। তার কাকা একজন মেরুদণ্ড শল্যচিকিৎসক এবং পিসি একজন শিশু বিশেষজ্ঞ। পরিবারের মধ্যে চিকিৎসা জগতের এই উপস্থিতি তাকে ডাক্তার হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। তার বাবা আনন্দ কুলকার্নি এবং মা বীণা কুলকার্নি তাকে এই লক্ষ্য অর্জনে সবসময় পূর্ণ সমর্থন ও সঠিক পথে চালিত করেছেন বলে অনুষ্কা কৃতজ্ঞতার সঙ্গে জানান।
NEET UG-তে এমন চোখ ধাঁধানো ফল করার পর অনুষ্কার পরবর্তী লক্ষ্য ছিল দেশের সেরা মেডিকেল প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। তিনি এখন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS Delhi)-এ এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী হিসেবে পড়াশোনা করছেন। অনুষ্কার সামনে যে এক অত্যন্ত উজ্জ্বল এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে, সে কথা আর আলাদা করে বলার প্রয়োজন নেই!