দীর্ঘ অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে রাজভবনে ফিরলেন রাজ্যপাল!

প্রায় তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর অবশেষে কলকাতার রাজভবনে ফিরেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অসুস্থতার কারণে গত কয়েদিন তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে রাজভবনে ফেরার সময় তাকে বেশ খোশমেজাজে ও সুস্থ দেখাচ্ছিল।

রাজভবনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালেই এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে। বলা হয়েছে, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় বিশ্রামের পর রাজভবনে ফিরে এসেছেন। আমরা আনন্দিত যে মহামান্য রাজ্যপাল এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত আছেন।” যারা তার দ্রুত আরোগ্যা কামনা করে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন, তাদের সকলের প্রতি রাজভবন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।

রাজভবন সূত্রে খবর, অসুস্থ বোধ করায় গত ২১ এপ্রিল রাজ্যপালকে রাজভবন থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার হার্টে ব্লকেজ ধরা পড়লে সেদিনই কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন, অর্থাৎ ২২ এপ্রিল তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার বাইপাস সার্জারিও হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে থাকাকালীন তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন। হাসপাতালের বেডে শুয়েই তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিলে স্বাক্ষর করেছেন। রাজভবনের কর্মকর্তারা নিয়মিত জরুরি ফাইলপত্র নিয়ে হাসপাতালে তার কাছে যেতেন, ফলে রাজভবনের স্বাভাবিক কাজকর্মে কোনো রকম বাধা পড়েনি। এমনকি কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় রাজভবনে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, যেমন বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও তিনি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় সম্মতি দিয়েছিলেন। স্পষ্টতই, রাজ্যপালের অনুপস্থিতি সত্ত্বেও রাজভবনের সরকারি কাজে কোনও সমস্যা হয়নি।

হাসপাতালে থাকাকালীন রাজ্যপালের কিছু সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক আলোচনাও তুঙ্গে ছিল। এর মধ্যে অন্যতম ছিল মুর্শিদাবাদ হিংসা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তার রিপোর্ট জমা দেওয়া, যা নিয়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়। একইভাবে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েও তিনি শিরোনামে আসেন। বিশেষ করে, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালের নিয়োগে আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইডি যে মামলা করতে চেয়েছিল, গত ৩০ এপ্রিল রাজ্যপাল সেই অনুমতি প্রদান করেন।