‘ওরা স্বীকৃত ভিখারি’ পাকিস্তানকে নতুন নাম, পরমাণু নিষ্ক্রিয় করার দাবি ওয়াইসির

দেশের চরম আর্থিক দৈন্য দশার মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) কাছ থেকে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান। বিশ্বের দরবারে হাত পেতে পাকিস্তানের এই অর্থ প্রাপ্তির খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি পাকিস্তানকে সরাসরি ‘স্বীকৃত ভিখারি’ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করার দাবি তুলে বিশ্ব শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি পাকিস্তানের এই ঋণপ্রাপ্তির খবরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি পাকিস্তানকে ‘স্বীকৃত ভিখারি’ বলে অভিহিত করেন এবং আইএমএফ থেকে ১ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার কথা উল্লেখ করেন।

ওয়াইসি বলেন, “ওরা (পাকিস্তান) স্বীকৃত ভিখারি। আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে।” তিনি আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, বিশ্ব শক্তিধর দেশগুলির নিশ্চিত করা উচিত যে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় নিয়েছিল উল্লেখ করে ওয়াইসি বলেন, পশ্চিমি দেশগুলির বোঝা উচিত যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র এবং প্রতিটি দেশের উচিত পাকিস্তানের পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাঁর মতে, “ওরা গোটা মানব সভ্যতার জন্য ঝুঁকি।”

আইএমএফের অর্থ সাহায্য প্রসঙ্গে ওয়াইসি আরও বলেন, “আইএমএফ পাকিস্তানকে নয়, সে দেশের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে টাকা দিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, আমেরিকা, জাপান, জার্মানির মতো দেশগুলো কীভাবে এই প্রস্তাবে রাজি হল। আসাউদ্দিন ওয়াইসির দাবি, এই টাকা কখনো পাকিস্তানে দারিদ্রতা দূর করতে বা পোলিও মেটাতে ব্যবহার করা হবে না। বরং “এই অর্থ ভারতের বিরুদ্ধে সন্ত্রাস কার্যকলাপেই ব্যবহার করা হবে।”

ওয়াইসির এই মন্তব্য পাকিস্তানের আর্থিক দুর্দশা এবং সন্ত্রাসবাদের প্রতি তাদের কথিত সমর্থনের বিষয়টিকে সামনে এনেছে, একইসঙ্গে আন্তর্জাতিক আর্থিক সংস্থা এবং শক্তিধর দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।