ভারতে থেকে পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার করল পুলিশ

বাংলায় বসে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য এবং পাকিস্তানের সমর্থনে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে তার সহকর্মীরাই প্রথমে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাত থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম ‘আবু বক্কার’। গত শুক্রবার সে তার সোশ্যাল মিডিয়া ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর একটি ছবি পোস্ট করে। এছাড়াও সে লাগাতার পাকিস্তানের সমর্থনে এবং ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য পোস্ট করছিল।
ওই যুবকের এই ধরনের ভারত বিরোধী পোস্টগুলি তার কয়েকজন সহকর্মী দেখতে পায়। এরপর তারা ওই যুবককে চিহ্নিত করে তার খোঁজ চালাতে থাকে। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে কাজ করত ওই যুবক। শনিবার সকালে সে তার কর্মস্থলে আসতেই সহকর্মীরা তাকে ঘিরে ধরে এবং ভারত বিরোধী পোস্ট করার অভিযোগ তুলে তাকে আটকে রাখে।
পরে খবর পেয়ে বারাসাত থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেফতার করে।
এই গ্রেফতারের পর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সকলে এখানে একসঙ্গে মিলেমিশে থাকি। কিন্তু ওই ছেলেটার বন্ধুরা যখন দেখেন যে ও সোশ্যাল মিডিয়ায় দেশের বিরুদ্ধে কথা বলছে, পাকিস্তানের সমর্থন করছে আর দেশের পতাকা পোড়ানোর ছবি দিচ্ছে, তখন এটা কেউ মেনে নিতে পারেনি। সেই কারণেই সকলে মিলে ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষও সজাগ রয়েছেন।