অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের! BSF ধরে নিল ‘আসল’ উদ্দেশ্য

ভারত-পাকিস্তান সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই আবহের মধ্যেই পাঞ্জাবের অমৃতসর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স উদ্ধার হয়েছে, যা বড়সড় জঙ্গি নাশকতার পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর অনুমান, পাকিস্তান ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরক ও অস্ত্র ভারতে পাঠিয়েছে।

বিএসএফ ও পাঞ্জাব পুলিশ যৌথভাবে রবিবার সকালে অমৃতসরের শেখ ভাটি গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় তল্লাশিতে অংশ নেওয়া জওয়ানদের নজরে আসে একটি সন্দেহজনক হলুদ প্যাকেট। সেটি পরীক্ষা করে উদ্ধার হয় ২.৭ কেজি বিস্ফোরক (আরডিএক্স), ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি ডিটোনেটর, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং একটি আইইডি সার্কিট। জওয়ানরা জানিয়েছেন, ড্রোনের সাহায্যেই এই সামগ্রীগুলি ফেলে রাখা হয়েছিল।

উল্লেখ্য, শনিবারও পাকিস্তান ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে। পঞ্জাব, রাজস্থান, কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকায় লাগাতার গোলা-বারুদ বর্ষণ করে তারা। ভারতীয় সেনাও এর যোগ্য জবাব দিয়েছে। এই আচমকা যুদ্ধবিরতি লঙ্ঘনের পিছনে পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছিল।

বিপুল পরিমাণ এই বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের পর গোয়েন্দারা আরও নড়েচড়ে বসেছেন। বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাকিস্তান যখন অমৃতসরে ড্রোন হামলা চালাচ্ছিল এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করছিল, সম্ভবত সেই সময়ই ড্রোনের মাধ্যমেই এই আরডিএক্স ও অস্ত্র ভারতে পাঠানো হয়। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পাকিস্তান হয়তো কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক তাদের হাতে পৌঁছে দিতে চেয়েছিল, যাতে অমৃতসর, পাঠানকোট এবং গুরুদাসপুর সহ সংবেদনশীল এলাকাগুলিতে বড়সড় নাশকতা চালানো যায়।

এই ঘটনা সামনে আসার পর গোয়েন্দাদের অনুমান আরও জোরালো হয়েছে যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সুযোগ নিয়ে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। অমৃতসর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য জঙ্গি কার্যকলাপের ছক বানচাল করতে এবং লুকিয়ে থাকা বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার করতে জোরদার অভিযান চলছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।