ভারত-পাক উত্তেজনার মাঝে দেশে ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশিরা!

ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনার আবহের মধ্যেই এবার পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ল বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় ৬ শিশু ও ৫ মহিলা-সহ মোট ১১ জন বাংলাদেশি নাগরিক এবং তাদের সাহায্যকারী ৩ জন ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ। জানা গেছে, এই বাংলাদেশিরা গুজরাটে কাজ করত এবং বর্তমান পরিস্থিতির কারণে প্রাণভয়ে নিজেদের দেশে ফিরতে চাইছিল।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বাগদা থানার পুলিশ পুরদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকায় টহলদারি করছিল। সেই সময়ই সন্দেহভাজন ওই ব্যক্তিদের গতিবিধি দেখে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং জানায় তারা ভারতে চোরাপথে প্রবেশ করেছিল।

আটক বাংলাদেশিরা পুলিশকে জানিয়েছে যে তারা গুজরাটে কাজ করত। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় তারা প্রাণভয়ে ভীত হয়ে পড়ে এবং যে কোনো মূল্যে নিজেদের দেশে, বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এই কারণেই তারা চোরাপথে ফেরার জন্য বাগদা সীমান্ত এলাকায় এসে দালালদের সাহায্য নিচ্ছিল।

পুলিশ আটক ৩ জন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে এবং তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ আদালতে তুলেছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগেও নদিয়া জেলায় দু দফায় মোট ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল।

বস্তুত, পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। পাকিস্তান বারবার ভারতের সীমান্ত এলাকা যেমন কাশ্মীর, পঞ্জাব, গুজরাট, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করলেও ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। একদিকে সীমান্তে কড়া প্রহরা, তার উপরে এই যুদ্ধের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েই বেআইনিভাবে ভারতে লুকিয়ে থাকা বহু বাংলাদেশি এখন দেশে ফিরতে চাইছে। কিন্তু সীমান্ত সুরক্ষাব্যবস্থা জোরদার হওয়ায় তাদের এই প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠেছে এবং বাগদায় এই আটকের ঘটনা তারই প্রমাণ।