যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লঙ্ঘন! চোরের মতো হঠাৎ হামলা, শহিদ BSF জওয়ান

শনিবার বিকেল পাঁচটায় ঘোষিত যুদ্ধবিরতি পাকিস্তান কয়েক ঘণ্টার মধ্যেই লঙ্ঘন করেছে। জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনার চালানো গুলিতে শহিদ হয়েছেন এক বিএসএফ সাব-ইন্সপেক্টর। এই ঘটনা ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে চরম উত্তেজনা তৈরি করেছে।
বিএসএফ সূত্রে খবর, এদিন জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান বিনা প্ররোচনায় ব্যাপক গোলাগুলি চালাতে শুরু করে। সেই সময় সামনে থেকে আধা সেনা জওয়ানদের নেতৃত্ব দিচ্ছিলেন সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তিনি এবং পরে শহিদ হন।
উল্লেখ্য, গত কয়েকদিনের চরম উত্তেজনার পর শনিবার বিকেল পাঁচটা নাগাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ঘোষণা করেছিলেন যে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। তিনি জানিয়েছিলেন, আকাশ, স্থল বা জলপথ, কোনো দিক থেকেই কোনো সেনা ‘অ্যাকশন’ চালানো হবে না এবং সমস্ত রকমের সংঘর্ষ থেকে দুই দেশ বিরত থাকবে।
কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল উধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, রাজৌরি, জম্মু, আরএসপুরা সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়াগায় পাকিস্তান গোলা-গুলি চালাতে শুরু করেছে। কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে লাগাতার গোলা-গুলির তীব্র আওয়াজ পাওয়া গেছে। এর মধ্য দিয়েই আরএস পুরায় শহিদ হলেন বিএসএফ সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ।
পাকিস্তানের হামলার সঙ্গে-সঙ্গে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে ভারতীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি রাজস্থান-গুজরাট সহ একাধিক সীমান্ত সংলগ্ন এলাকায় ফের সাইরেন বাজাতে শুরু করে। জয়সালমের, বারমের, পাঠানকোট সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়ার নির্দেশ জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।