ওরা কারা? জম্মুর সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ‘দুুষ্কৃতীরা’, চলল গুলি!

ভারত ও পাকিস্তান সম্পর্ক এমনিতেই নতুন করে বিষিয়ে উঠেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে। এই চরম উত্তেজনার আবহেই শনিবার রাতে জম্মু ডিভিশনের নাগরোটায় ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। জওয়ানের ছদ্মবেশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই সেনাঘাঁটিতে প্রবেশ করে এবং কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কিন্তু কীভাবে ওই সন্দেহভাজনরা জওয়ানের বেশে সেনাঘাঁটির মতো সুরক্ষিত জায়গায় অবাধে প্রবেশ করতে পারল এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কী, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর ভারতীয় সেনা অবিলম্বে ওই সন্দেহভাজনদের ধরতে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের পরিচয় এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তপ্ত আবহ তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছিল। পাকিস্তানের পক্ষ থেকে করা আর্জিতে সম্মতি জানিয়ে শনিবার বিকেল ৫টা থেকে স্থল, জল ও আকাশপথে সব ধরনের সামরিক ‘অ্যাকশন’ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি।

কিন্তু সেই যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই পরিস্থিতি ফের পাল্টে যায়। সূর্য ডুবতেই পাকিস্তান যেন নিজের আসল রূপ দেখিয়ে দেয়। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যায়, কাশ্মীরের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে পাক ড্রোন উড়তে দেখা যায়। নিয়ন্ত্রণরেখা-সহ মোট ১১টি সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনী নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।

এই যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই জম্মুর নাগরোটার সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটল, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে। এই হামলা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটিও পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বৃহত্তর কৌশলের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাঘাঁটিতে তল্লাশি অভিযান এবং পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনী।