অমৃতসরে রেড অ্যালার্ট জারি, যুদ্ধবিরতির পরও পাক ড্রোনের আনাগোনা, কী হচ্ছে? জানুন বিস্তারে

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও পাঞ্জাবের সীমান্ত লাগোয়া অমৃতসর শহরে পরিস্থিতি এখনও থমথমে। জারি রয়েছে রেড অ্যালার্ট। পাকিস্তানের দিক থেকে বারবার ড্রোন উড়ে আসার চেষ্টার কারণে বাসিন্দাদের বাড়ির ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘনঘন বাজছে বিপদ সংকেত বা সাইরেন। তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান ফের বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছে, সেই প্রশ্ন উঠছে।

বিগত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তান ড্রোন ও মিসাইল ছুড়ে ভারতকে নিশানা করার চেষ্টা করেছে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষতার সঙ্গে সেই সমস্ত আক্রমণ প্রতিহত করে ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে।

শনিবারই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর হয়। বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, রাত ৯টা বাজতেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। ফের সাইরেন বাজতে শুরু করে, রাস্তার আলো ও বাড়িঘরের লাইট নিভিয়ে দেওয়া হয়। বাসিন্দাদের অবিলম্বে বাড়ি বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। আকাশে লাল আলো দেখতে পাওয়া যায় এবং ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন উড়ে আসতে দেখা যায়, যা যে কোনো মুহূর্তে হামলার ইঙ্গিত দিচ্ছিল।

সারারাত ধরে পাকিস্তান ড্রোন ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে। তবে প্রতিবারই ভারতের প্রতিরক্ষা বাহিনী তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সারা রাত ঘুটঘুটে অন্ধকারে ডুবে ছিল অমৃতসর শহর। রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও, রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে।

অমৃতসরের জেলাশাসক নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলেছেন, “লাল সতর্কতা জারি রয়েছে। বিপদ থেকে সতর্ক করতে সাইরেন বাজানো হচ্ছে। কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হন। বাড়ির ভেতরেই থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন তা জানিয়ে দেবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

শুক্রবার রাতের পর শনিবার ভোরেও পাকিস্তান ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। সেই আশঙ্কা থেকেই আজও বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। বাড়ির ছাদ বা বারান্দায় যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বাড়ির লাইট বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরও সরবরাহ করা হয়েছে।