ভারত-পাক সংঘর্ষ বিরতির ‘উপহার’ ট্রাপের, মধ্যস্থতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। শনিবার তাঁর এই ঘোষণার পরপরই ভারতও সংঘর্ষ বিরতি কার্যকরের কথা নিশ্চিত করে। এই ঘটনার পর ট্রাম্প এবার ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা নিয়েও মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চান।
শনিবার আচমকাই মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা ঘোষণা করে সকলকে চমকে দেন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি কাশ্মীর ইস্যুর সমাধানে উদ্যোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারত বরাবরই বলে এসেছে যে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা তারা মেনে নেবে না। ভারতের অবস্থান এই বিষয়ে অনড়।
ট্রাম্প শনিবার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্ট করে লিখেছেন, “ভারত ও পাকিস্তানের নেতৃত্ব যে এই সংঘর্ষ বন্ধ করার বিষয়টি অনুধাবন করেছেন, যাতে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতে পারত, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে!”
নিজের কৃতিত্ব জাহির করে ট্রাম্প আরও লিখেছেন, “আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছে। আমাদের মধ্যে সরাসরি কোনও আলোচনা না হলেও, আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াতে চলেছি। পাশাপাশি আমি দুজনের সঙ্গেই কাজ করব যাতে এক হাজার বছর পরেই হোক, কাশ্মীর নিয়ে একটি সমাধানে আসা যায়।”