উত্তরকাশিতে ভয়াবহভাবে ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত অতন্ত ৫ জন আহত ২

গোটা দেশে যখন সম্প্রতি শেষ হওয়া ‘অপারেশন সিঁদূর’-এর সাফল্যে এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই উত্তরাখণ্ডে ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। উত্তরকাশির গংনানি এলাকায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়েছে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
উত্তরকাশিতে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনাস্থলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা SDRF-এর দলও দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে তাদের তদারকিতে উদ্ধার কাজ শুরু করে। ভেঙে পড়া হেলিকপ্টার থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
মনে করা হচ্ছে, এটি চারধাম যাত্রার সঙ্গে যুক্ত কোনও যাত্রীবাহী হেলিকপ্টার ছিল, যা তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। তবে কী কারণে হঠাৎ করে হেলিকপ্টারটি ভেঙে পড়ে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এই ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কাজ এখনও চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত জারি রয়েছে।