উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, দুর্ঘটনায় মৃত্যু ৫ পর্যটকের, আহত ২

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড। পর্যটক বহনকারী একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে উত্তরকাশী এলাকায়। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন পর্যটক। আহত হয়েছেন আরও দু’জন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ঠিক কী ঘটেছিল?

জানা গেছে, দেরাদুন থেকে ৬ জন পর্যটক এবং একজন পাইলট সহ মোট ৭ জনকে নিয়ে হেলিকপ্টারটি হর্সিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। হর্সিল থেকে তাঁদের গাড়িতে প্রায় ৩০ কিলোমিটার দূরের গঙ্গনানি যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে ঘটে যায় এই বিপর্যয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি হর্সিল হেলিপ্যাডে নামার আগেই উত্তরকাশীর কাছে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং জেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দুর্গম ও জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৫ জন পর্যটককে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের চিকিৎসা চলছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে জানান যে তিনি পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশও তিনি দিয়েছেন।